নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিডনি টেস্টে দুই বার করে বর্ণবাদের শিকার হয়েছিলেন পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ। এর পরই আম্পায়ারদের কাছে অভিযোগ করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। আর ওই সময় ভারতীয় ক্রিকেটারদের মাঠ ছাড়তে বলেছিলেন আম্পায়াররা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশে ফিরে এমনটাই জানিয়েছেন সিরাজ।
তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এবং চতুর্থ দিনেও বর্ণবাদের শিকার হতে হয়েছিল সিরাজকে। এ নিয়ে অন ফিল্ড আম্পায়ারকে অভিযোগ করলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় অভিযুক্ত ৬ দর্শককে গ্যালারি থেকে বের করে দিয়েছিলো নিউ সাউথ ওয়েলস পুলিশ।
এমন ঘটনায় প্রায় ১০ মিনিটের মতো দিনের খেলা বন্ধ রেখেছিলেন দুইজন আম্পায়ার। এমন ঘটনায় বর্ণবাদের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও এদিন ভারতকে মাঠ ছাড়ার পরামর্শ দিয়েছিল আম্পায়াররা। কেবলই অধিনায়ক আজিঙ্কা রাহানের কারণে মাঠ ছাড়েনি ভারতীয় দল।
এ প্রসঙ্গে সিরাজ বলেন,’‘আম্পায়ারদের অভিযোগ জানানোর পর ওরা আমাদের বলে চাইলে আমরা পুরো দল মাঠ ছেড়ে চলে যেতে পারি। ম্যাচে আর নাও নামতে পারি। কিন্তু আজ্জু ভাই (রাহানে) সেটা চায়নি। বলেছিল আমরা খেলাটাকে শ্রদ্ধা করি। তাই মাঠ ছেড়ে যাওয়ার প্রশ্নই উঠে না।’’
শেষ টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছিলেন তিনি। যা ভারতকে সিরিজ জিততে বড় ভূমিকা পালন করেছে। অজি দর্শকদের অসদাচারণ তাঁকে আরও মানসিকভাবে শক্তিশালী করেছিল বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সিরাজের ভাষ্য,’‘অস্ট্রেলিয়ার সমর্থকরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করার পরেই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠি। এই ধরনের ঘটনা আমার পারফরম্যান্সে যাতে প্রভাব না ফেলে, সেটা দেখাই ছিল প্রধান কাজ। আমার কাজ ছিল রাহানের কাছে গিয়ে সব খুলে বলা। আমি ঠিক সেটাই করেছি।”
