নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল বছরের অক্টোবরে সব ধরণের ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন পাকিস্তানি পেসার উমর গুল। সর্বশেষ ২০১৬ সালের পর পাকিস্তানের জার্সিতে খেলতে দেখা যায়নি উমর গুলকে। ক্রিকেটকে বিদায় বলার মাস কয়েক পরই নতুন দায়িত্ব পেলেন সাবেক এই ডানহাতি পেসার।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের আগে গুলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্স। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের বদলি হিসেবে গুলকে নিয়োগ দিয়েছে দলটি।
এর আগে পিএসএলের প্রথম দুই আসরে গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন তিনি। পিএসএলে বোলিং কোচের দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। সেই সঙ্গে দলের তরুণ বোলারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি।
এ প্রসঙ্গে গুল বলেন,’‘পিএসএলের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্লাডিয়েটর্সের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। তাদের দারুণ কয়েকজন তরুণ বোলার রয়েছে এবং আমি তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমার উপর বিশ্বাস রাখার জন্য এবং আমাকে এই বিশাল সুযোগ দেয়ার জন্য নাদিম ওমর ও মঈন খানকে ধন্যবা জানাতে চাই।”
