নিউজ ডেস্ক »
ক্রিকেট পাড়ায় আবারো বিতর্কিত স্টিভেন স্মিথ। সদ্য সমাপ্ত সিডনি টেস্টে ভারতের বিপক্ষে ৪র্থ ইনিংসে রিশাব পান্টের ব্যাটিং গার্ড মুছে দিয়ে বিতর্কের জন্ম দেন স্মিথ। আর এতেই সমালোচনা শুরু হয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় ক্রিকেট সমর্থকরাও।
স্মিথের এমন কান্ডে অবশ্য সাবেক খেলোয়াড়েরাও ক্ষুব্ধ। এর আগেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বলের আকৃতি পরিবর্তনের জন্য স্যান্ডপেপার ব্যবহারের সাথে জড়িত থাকায় নিষেধাজ্ঞার মুখে পড়েন স্মিথ৷ বর্তমান ইস্যু নিয়ে মুখ খুলেছেন অজি অধিনায়ক টিম পেইন। এই ব্যাপারটিকে তিনি স্মিথের নিত্যদিনের অভ্যাস বলেই মন্তব্য করেন।
পেইনের ভাষায়, ‘এটা নিয়ে আমি স্টিভের সাথে কথা বলেছি এবং এই ব্যাপারটা যেভাবে সামনে এসেছে তার জন্য সে খুবই বিরক্ত। যদি আপনি স্মিথের টেস্ট খেলা দেখে থাকেন তাহলে খেয়াল করবেন সে এই কাজ প্রতি ম্যাচেই করে, দিনে পাঁচ থেকে ছয় বার। সে সবসময়ই ব্যাটিং ক্রিজে এভাবে দাঁড়ায়। আমরা সবাই জানি, স্মিথের এমন কিছু অভ্যাস আছে এবং তার ভেতরেই একটা হলো উইকেটের মাঝে গিয়ে এভাবে দাগ কাটা।’
পেইন আরও বলেন, ‘সে হঠাৎ করেই গার্ড পরিবর্তন করে দেয়নি। আমি ধরে নিলাম সে তাই করেছিল কিন্তু যদি করতই তাহলে ভারতীয় ক্রিকেটাররাই সেটা ধরিয়ে দিতে এবং তখনই এই নিয়ে কথা হতো। এই এমনই একটা অভ্যাস যেটা শেফিল্ড শিল্ডের ম্যাচেও তার সাথে খেলার সময় আমি স্টিভকে বহুবার করতে দেখেছি। যখন সে মাঠে থাকে তখন সে যেখানে ব্যাটিং করে সেখানে যেতে এবং কীভাবে ব্যাটিং করবে তা দেখতে পছন্দ করে।’
স্মিথের এমন কান্ডে শুধু ভারতীয় সমর্থকরাই না, ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অজি ক্রিকেটার ব্র্যাড হগ সহ বেশ কিছু অজি গণমাধ্যম।
