নিউজ ডেস্ক »
প্রথম দুই টেস্টে ব্যাট হাতে একেবারেই অচেনা ছিলেন স্মিথ। তবে সিডনি টেস্টে আগের রূপে আবারো নিজেকে ফিরে পেয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তবে ভালো সময়ের মধ্যেই নিজ হাতে ডেকে আনলেন দুঃসময়কে। স্টিভ স্মিথকে এবার হারাতে হচ্ছে আইপিএলের চুক্তি। কারণ হিসেবে সিডনি টেস্টে রিশাভ প্যান্টের গার্ড নষ্ট করার কারণেই- এমন দাবি ভারতীয় গণমাধ্যমের।
দারুণ ব্যাটিং প্রদর্শন করে অবিশ্বাস্যভাবে সিডনি টেস্ট ড্র করেছে ভারত। জয়ের খুব কাছে গিয়েও যখন জিততে পারছিল না অজিরা, তখনই স্মিথ অবিশ্বাস্য এই কাজটি করে বসেন। এমন কাজে তার ক্রিকেটীয় স্পিরিট ও স্পোর্টসম্যানশিপ নিয়েও প্রশ্ন ওঠে।
সিডনি টেস্টের শেষ দিনে দ্বিতীয় সেশনের ড্রিংকস ব্রেকের সময় পপিং ক্রিজে ব্যাটসম্যানদের দাঁড়ানোর জায়গায় স্মিথ জুতা দিয়ে পিচ ঘষেন, যা ধরা পড়ে স্ট্যাম্প ক্যামেরায়। স্মিথ মূলত পান্টের গার্ডে জুতা দিয়ে ঘষে দাগ মুছবার চেষ্টা করেছেন। স্মিথ চলে যাওয়ার নতুন করে গার্ড মার্ক করে ব্যাটিং শুরু করেন পান্ট।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম, সবখানেই তীব্র সমালোচনা মুখে পড়েন স্মিথ। এরই মাঝে খবর এল- গার্ড কাণ্ডের জন্য স্মিথকে ছেড়ে দিতে চলেছে রাজস্থান রয়্যালস। ২০ জানুয়ারির মধ্যে প্রতিটি দলকে জানাতে হবে, কোন কোন খেলোয়াড়কে আগামী আসরের জন্য দলে রিটেইন করা হবে। ভারতের গণমাধ্যমগুলো দাবি করেছে, পান্টের সাথে ছল ছাতুরির পর রাজস্থান স্মিথকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
