নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩য় টেস্টের শেষ দিনে ড্র করেছে ভারত। একের পর এক ইঞ্জুরিতেও অজিদের পেস এট্যাকের সামনে মাটি কামড়ে পড়ে থাকে বিহারী-অশ্বিনরা। হ্যাজেলউড-কামিন্সদের গতি আর বাউন্সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিডনি টেস্ট ড্র করলো ভারত। এর পিছনে অজিদের অবদানও নেহাৎ কম নয়, অধিনায়ক টিম পেইন নিজেই ৩ টি ক্যাচ সহ আজকের দিনে অজিরা মিস করে মোট ৪ টি ক্যাচ!!
২ উইকেটে ৯৮ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামে ভারত। রাহানে দ্রুত ফিরলেও রিশাব পান্টকে সঙ্গে নিয়ে জুটি গড়েন পুজারা। অজিদের বোলিং তোপের সামনে ইঞ্জুরি আক্রান্ত ভারতীয় শিবির কতক্ষণ টিকবে সেটিই ভাবছিলো ক্রিকেট ভক্তরা! তবে রিশাব পান্টের কাউন্টার এট্যাকে ভারতীয় শিবিরে আশা জাগে জয়ের। ফিফটি তুলে নেন দু’জনেই।
৪র্থ উইকেটে পান্ট-পুজারার ১৪৮ রানের জুটি অজি শিবিরে যখন হারের শঙ্কা উঁকি দিচ্ছিলো তখনি লায়নকে উড়িয়ে মারতে গিয়ে ৯৭ রানে আউট হন রিশাব পান্ট। পান্টকে ফিরিয়ে অজি শিবিরে স্বস্তি ফেরান নাথান লায়ন। ২৫০ রানে ৪ উইকেট হারালে তখন ম্যাচ জয়ের চেয়ে ম্যাচে টিকে থেকে ড্র নিয়ে মাঠ ছাড়তে মনযোগী হন পুজারা-বিহারীরা। এরপর কিছুদূর যেতেই দলীয় ২৭০ রানে ব্যক্তিগত ৭৭ রানে হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে ফেরত যান পুজারা।
একদিকে ইঞ্জুরিতে ব্যাটিংয়ে নামা অনিশ্চিত জাদেজার, স্বীকৃত ব্যাটসম্যান বলতে তখন বিহারী-অশ্বিন। জয় তখন দিবাস্বপ্ন, ভারতের লক্ষ্য ড্রয়ের। চা-বিরতির পর অস্ট্রেলিয়ার প্রয়োজন ৫ উইকেট আর ভারতের লক্ষ্য ৩৬ ওভার ও ১২৭ রান। এরপর ২২ গজে বাকি সময়টা মাটি কামড়ে পড়ে ছিলেন অশ্বিন-বিহারীরা। কামিন্স-হ্যাজেলউডদের বোলিং তোপে ইঞ্জুরি নিয়েই খেলে যান দু’জন। দিনের শেষ ৬ বল বাকি থাকতে দু’দল ই মেনে নেয় ড্র।
একের পর এক ইঞ্জুরিতেও অজিদের বোলিং তোপের সামনে দাঁড়িয়ে সিডনি টেস্ট ড্র করলো ভারত। শেষদিকে প্রয়োজন পড়লে অবশ্য পেইনকিলার নিয়ে ব্যাট হাতে নামতেন জাদেজা। বিহারী ও অশ্বিন ২৫৮ বলে ৬২ রানের হার না মানা জুটি গড়েন। বিহারী ১৬১ বলে ২৩ ও অশ্বিন ১২৮ বলে করেন ৩৯ রান।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৩৮ রান করে অজিরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৪৪ রানে থামে ভারতের ইনিংস। ৯৪ রানে এগিয়ে থেকে নিজেদের৷ ২য় ইনিংসে ৬ উইকেটে ৩১২ রানে ইনিংস ঘোষণা করে অজিরা। ৪১২ রানে পাহড়সম লক্ষ্যেমাত্রা তাড়া করতে নেমে ৫ উইকেটে ৩৩৪ রান করে ভারত।
