বাংলাদেশ সফর সহজ হবে না: ব্র্যাথওয়েট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ২ টেস্ট খেলতে আজ সকালে ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ দল। আর চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট মনে করছেন, সফরকারী দল হিসেবে বাংলাদেশের মাটিতে ভালো করা সহজ হবে না তার দলের জন্য। বাংলাদেশ সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে তিনি এমন অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা আর তাদের টেস্ট দলের নেতৃত্ব দেবেন ব্র্যাথওয়েট। প্রায় নতুন ও অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে ভালো করা সহজ হবে না বলে জানান ব্র্যাথওয়েট।

তবে রকম পরিস্থিতিতে চ্যালেঞ্জ গ্রহণ করতে মুখিয়ে আছে তার দল। তিনি বলেন,’‘আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সহজ হবে না। তবে আমাদের আত্মবিশ্বাস আছে এবং আমরা বিশ্বাস করি ভালো করব। আমাদের কিছু সদস্য এবারই প্রথম বাংলাদেশে খেলবে। কিন্তু তারা মেধাবী এবং এই পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য রাখে।’’

উপমহাদেশ বা বাংলাদেশের কন্ডিশন ওয়েস্ট ইন্ডিজের কাছে অপরিচিত। উইকেট আর পরিবেশে ভালো করতে হলে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন এবং ধৈর্য রাখার বিকল্প দেখছেন না ব্র্যাথওয়েট।

এ বিষয়ে তিনি বলেন,’‘আমাদের পরিকল্পনা পরিস্কার হতে হবে, ব্যাটিং বোলিং দুই বিভাগেই। আমাদের জানতে হবে কীভাবে আমরা খেলতে চাই, কীভাবে রান করব এবং কীভাবে উইকেট তুলে নিব। ধৈর্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে। টেস্ট ক্রিকেটে, বিশেষ করে বাংলাদেশের পিচে গুরুত্বপূর্ণ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »