নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে জন লুইসকে নিয়োগ দিয়েছে বিসিবি। আজ সকালেই ব্রিটিশ এই কোচ বাংলাদেশে এসেছেন। তবে কোয়ারেন্টিন বাধ্যতামূলক নিয়ম থাকায় ১৪ দিন তাকে হোটেলেই থাকতে হবে। সেক্ষেত্রে ক্যারিবীয় সিরিজের শুরুতে তাকে না পাওয়ার সম্ভাবনা বেশি।
তবে ব্রিটিশ এই কোচের ক্ষেত্রে শর্ত শিথিল করা যায় কি না সে বিষয়ে সরকারের কাছে আবেদন করেছে বিসিবি। অতীতে বিদেশি কোচরা করোনা টেস্টে নেগেটিভ হলেই দলের সাথে যোগ দিতে পেরেছেন। লুইসের ক্ষেত্রে একাধিক নেগেটিভ সনদ আসলে মিলতে পারে কোয়ারেন্টিন থেকে বের হওয়ার অনুমতি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,’‘ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি । বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে।’’
সুজন আরোও জানান,”লুইস ছাড়াও আরও যে কয়জন ব্রিটিশ স্টাফ রয়েছেন তাদের কোয়ারেন্টিন শর্তও মওকুফের জন্য আবেদন করা হয়েছে। তিনি বলেন, ‘সেটি হলে আর পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই তারা দলের সঙ্গে যোগ দিবেন।’’
এর আগে বায়োবাবল তৈরির আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছিল বাসায় বাসায় গিয়ে। এবারো হতে পারে এমনই। ১০ তারিখ থেকে শুরু হবে বায়োবাবল, যদিও নমুনা সংগ্রহের দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় বলে জানান প্রধান নির্বাহী,’‘পুরো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কার্যক্রমকে মাথায় রেখে কোভিড প্রটোকল অনুযায়ী আমাদের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খেলোয়ারদের বাসায় গিয়ে নমুনা নেওয়ার কথা।’’
