নিউজ ডেস্ক »
যার যায় তার সবই যায়! কথাটার সাথে যেনো মিলে যাচ্ছে মিসবাহের বর্তমান গল্প। ঘোর অন্ধকারে দিন কাটছে মিসবাহ উল হকের। প্রথমে পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ হারান এবার তিনি হারাতে চলেছেন প্রধান কোচের পদও।
পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ড সফরে গিয়ে নানা কারণে সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান। সব মিলিয়ে পিসিবি বেশ চটেছেন দলের উপর, বিশেষ করে মিসবাহর উপর।
মিসবাহ কোচ হওয়ার পর বড়সড় পরিবর্তন আনেন পাকিস্তান জাতীয় দলে। তার পরীক্ষা-নিরীক্ষার মাত্রা এতই বেড়ে গিয়েছিল যে খেলোয়াড়দের মধ্যেও ক্ষোভের মাত্রা বাড়তে থাকে। এর জেরে গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পেসার মোহাম্মদ আমির। গুঞ্জন আছে, মিসবাহর কারণে পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে।
মিসবাহের শিষ্যরা নিউজিল্যান্ডের মাটিতে আশানুরূপ পারফর্ম করতে পারেননি। পিসিবি তাই মিসবাহকে হটানোর পরিকল্পনা করছে। তার বদলি হিসেবে দেখা যেতে পারে গ্যারি কারস্টেন বা গ্র্যান্ট ফ্লাওয়ারকে।
পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, মিসবাহকে সরিয়ে পিসিবি প্রধান কোচের দায়িত্ব দিতে চায় বিদেশি কাউকে। পিসিবির এক কর্মকর্তার উদ্বৃতিতে বলা হয়েছে,’‘পিসিবি মিসবাহকে হটানোর সিদ্ধান্ত নিয়েছে। তার স্থলাভিষিক্ত হতে যে বিদেশি কোচরা তালিকায় আছেন তাদের মধ্যে এগিয়ে গ্যারি কারস্টেন ও গ্র্যান্ট ফ্লাওয়ার।”
