নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজের নাম পরিচয় থাকলেও তাকে সবসময় বলা হত কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ছেলে হিসেবে। তবে এবার নিজের পরিচয়ে পরিচিত হওয়ার সময় আসলো অর্জুন টেন্ডুলকারের। ২০ বছর বয়সী বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডার অবশেষে মুম্বাইয়ের মূল দল অর্থাৎ সিনিয়র দলে জায়গা পেয়েছেন।
প্রস্তুতি ম্যাচে ভালো করতে না পারায় ২০ সদস্যের মূল দলে প্রথমে জায়গা পাননি অর্জুন। পরবর্তীতে বিসিসিআই প্রতি দলে ২২ জন করে সদস্য রাখার নিয়ম করে। এতে দলে সুযোগ পান অর্জুন। সৈয়দ মুস্তাক আলী ট্রফির এবারের আসরে তাই অংশ নেবেন তিনি। এর আগে ২০১৮-১৯ মৌসুমে তাকে দলে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছিল।
মুম্বাইয়ের এই দলের নেতৃত্বে রয়েছেন আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। দলের সহ-অধিনায়ক আদিত্য তারেক। দলে আছেন যশস্বী জশওয়াল, সরফরাজ খান, শিভম দুবে, ধাওয়াল কুলকির্নির মত স্বনামধন্য ক্রিকেটাররা।
এর আগে অর্জুন মুম্বাইয়ের বয়সভিত্তিক দলগুলোর (অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯) হয়ে মাঠ মাতিয়েছেন। এছাড়া খেলেছেন ভারত যুব দলের (অনূর্ধ্ব-১৯) হয়েও।
