পেস ইউনিট নিয়ে আশাবাদী আল আমিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দেশের মাটিতে পিচ সবসময় স্পিন সহায়ক থাকে এটা সবারই জানা। আর স্পিন উইকেট বানানোর যথেষ্ট কারণও রয়েছে। ঘরের মাটিতে স্পিন সহায়ক পিচ বানিয়ে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দেশকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। স্পিনাররা বরাবর ভালো করলেও পেস বোলিং নিয়ে সবসময় ভুগতে হয় টাইগারদের। বিশেষ করে বাইরে খেলতে গেলে। দীর্ঘ দুই দশক ধরে টেস্ট ক্রিকেট খেললেও আজ পর্যন্ত পরিপূর্ণ পেস ইউনিট গড়ে তুলতে পারেনি বাংলাদেশ।

ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেস ইউনিট ভালো করবে বলে মনে করেন পেসার আল আমিন হোসেন। ডানহাতি এই পেসার জানিয়েছেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে যারা সুযোগ পাবে তারা নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে বলে বিশ্বাস তাঁর।

এ প্রসঙ্গে আল আমিন বলেন,”উইকেট স্পিনিং হবে নাকি পেস সহায়ক হবে তা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। যদি হয়, তাহলে আমরা পেস বোলিং ইউনিট শেষ ১-২ বছর ধরে খুব ভাল করছি। তো যারাই খেলবে, যারাই সুযোগ পাবে তারা যদি সেরাটা দিতে পারে তাহলে ইনশাআল্লাহ ভাল কিছু হবে।”

দলের সবথেকে অভিজ্ঞ পেসার মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর সুযোগ পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। যদিও আল আমিন মনে করছেন, মাশরাফি দলে জায়গা পেলে সেটা দলের জন্যই ভালো হবে।

এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,”ওনার সাথে খেলেছি, সবকিছু মিলায়ে উনি খুব ভাল একজন নেতা। যতদিন একসাথে আমরা ফিটনেস নিয়ে কাজ করেছি, বা একটা ওয়ানডে টুর্নামেন্ট খেলেছি। সে হিসাবে মাশরাফি ভাই অনেকদিন ইনজুরড ছিল। সবকিছু মিলিয়ে উনি আসছে, আর ওনার বেস্ট পারফর্ম টাই করেছে। আমার কাছে মনে হয় উনি ভাল শেপে আছে, যদি টিমে সিলেক্ট হয়, তাহলে দলের জন্য ভাল হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »