নিউজ ডেস্ক »
সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেশ কয়েকজন তরুণ পারফর্মারকে খুঁজে পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তরুণ ছাড়াও মুগ্ধ হয়েছেন জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স দেখে।
দীর্ঘদিন ধরে পুরানো ফর্ম ফিরে পেতে লড়ে যাচ্ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া তাসকিন আহমেদ, রুবেল হোসেনরাও নিজেদের হারিয়ে খুঁজছিলেন। এই টুর্নামেন্টে তাদের বোলিং দেখে ভালো লেগেছে বিসিবি বসের। ব্যাট হাতে বোর্ড সভাপতির নজর কেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাস, ইয়াসির রাব্বি, আফিফ হোসেনরা।
শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল দেখতে এসে গণমাধ্যমকে পাপন বলেন,”আমার তো কয়েকটা ছেলের খেলা খুব ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা ভালো করেছে। উদাহরণ হিসেবে, মুস্তাফিজের বল আমার কাছে খুবই ভালো লেগেছে। রুবেলও ভালো করেছে। ব্যাটিংয়ে দেখলে লিটন, সৌম্য ভালো খেলেছে। রিয়াদ আজ (ফাইনালে) অসাধারণ ইনিংস খেলেছে। শান্ত (নাজমুল হোসেন), আমার কাছে মনে হচ্ছে ওর আত্মবিশ্বাস দিন দিন বাড়ছে। এবং ভবিষ্যতের জন্য একটা খুব ভালো খেলোয়াড় সংযোজন হয়েছে। আফিফের খেলা ভালো লেগেছে।”
পাশাপাশি অনুর্ধ-১৯ বিশ্বকাপজয়ী দুই তরুণ ক্রিকেটার শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনের পারফরম্যান্সে মুগ্ধ পাপন। এ বিষয়ে তিনি বলেন,’‘নতুনদের মধ্যে শরিফুলের খেলা খুব ভালো লেগেছে, তাসকিনের বলও ভালো হয়েছে। ইমন ছেলেটার ব্যাটিং ভালো লেগেছে। ইয়াসির রাব্বির ব্যাটিং ভালো লেগেছে। নতুন-পুরনো মিলিয়ে একটা ভালো কম্বিনেশন আমরা দেখেছি। এখন আমাদের অনেক বিকল্প আছে।’’
রাজশাহীর হয়ে খেলা অলরাউন্ডার মেহেদী হাসানের ভূয়সী প্রশংসা করে বোর্ড সভাপতি বলেন,”আপনি যদি মেহেদীর কথা বলেন, বেশ আক্রমণাত্মক একটা খেলোয়াড় টি-টোয়েন্টির জন্য। আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান হতে পারে। আমি বলছি বেশ কিছু খেলোয়াড় আমরা পেয়েছি। যারা আমাদের পাইপলাইনটাকে অনেক স্ট্রং করেছে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে।’’
