ব্যাটিং নিয়ে আক্ষেপে পুড়ছেন রবি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরোয়া ক্রিকেটে সবসময় আলো ছড়ালেও বংলাদেশ ক্রিকেটে খুব বেশি নামডাক ছিল না বেক্সিমকো ঢাকার খেলোয়াড় রবিউল ইসলাম রবির। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে খেলছেন তিনি। টুর্নামেন্টে নিয়মিত বল হাতে সাফল্য পাচ্ছেন রবি। তবে তার মূল ভূমিকা ব্যাটিং সেটা এখনো দেখাতে পারেননি তিনি। এ কারণে বেশ আক্ষেপে পুড়ছেন রবি।

রবি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেছেন। কিন্তু নিজেকে মেলে ধরার তেমন সুযোগ হয়নি। এবার বঙ্গবন্ধু কাপে ঢাকার তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ পান রবি। সেই ম্যাচে ব্যাট হাতে ৭ রান করেন। নিজের দ্বিতীয় ম্যাচে করেন ২ রান। তবে বোলিংয়ে ৪ উইকেট নিয়ে আলোচনায় আসেন রবি।

এরপর থেকে ঢাকার একাদশে নিয়মিত খেললেও দলে তার ভূমিকা পরিবর্তন হয়ে যায়। ওপেনার রবি থেকে তিনি রীতিমত বোলার রবি হয়ে যান। ঢাকার হয়ে পরের দুই ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পাননি তিনি। তবে বৃহস্পতিবার খুলনার বিপক্ষে ম্যাচে বল হাতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। বঙ্গবন্ধু কাপে প্রথম বোলার হিসেবে ৫ উইকেটের স্বাদ পান তিনি। টুর্নামেন্টের শুরুতে যেখানে ৬ ম্যাচে মোটে ১ উইকেট ছিল, সেখানে পরবর্তী ৫ ম্যাচে ১২ উইকেট শিকার করেন তিনি। এতেই সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন রবি।

রবি যে ভূমিকার কারণে দলে সুযোগ পেয়েছেন, সেই ব্যাটিং নিয়ে আক্ষেপ আছে তার। খুলনার বিপক্ষে ম্যাচ শেষে রবি বলেন,”মূলত আমি তো ওপেনিং ব্যাটসম্যান। তারপরও আমার দলের স্বার্থে যেটা সুযোগ আসছে, সেটা সেই অনুযায়ী দলকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমার যেটা ভালো হচ্ছে দলের জন্য অনেক অবদান রাখছি। এজন্য নিজের কাছেও অনেক ভালো লাগছে। যদি সুযোগ পাই তাহলে ব্যাটিংয়েও ইনশাআল্লাহ চেষ্টা করব অবদান রাখার।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »