কোহলিকে ছাড়াই সিরিজ জিতবে ভারত, বিশ্বাস কুম্বলের

ডেস্ক রিপোর্ট »

করোনার প্রকোপ কাটিয়ে মাঠে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল।বর্তমানে সিরিজ খেলতে তারা অবস্থান করছে অস্ট্রেলিয়াতে। চলতি অস্ট্রেলিয়া সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আশা নিয়েই গেছে তারা। দলটির সাবেক কোচ অনিল কুম্বলে মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারানোর ক্ষমতা আছে ভারতের।

সদ্য শেষ হল সাদা বলের খেলা এবার লাল বলের জন্য নিজেদের তৈরি করছেন ভারতের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় লাভ করতে হলে অ্যাডিলেডে অনুষ্ঠিত দিবা-রাত্রির টেস্টে জয় পেতেই হবে বলে মনে করেন কুম্বলে। দুই দলের সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন না ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ।

এবারের টেস্ট সিরিজে অধিনায়ক বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। এটাই তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন ভারতের এই কিংবদন্তি স্পিনার।

তিনি বলেন,”ভারত তাদের সিরিজ শুরু করবে গোলাপি বলের ম্যাচ দিয়ে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যদি প্রথম ম্যাচে এগিয়ে থাকি তাহলে সিরিজ জয়ের দারুণ একটি সুযোগ থাকবে। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ভারত যেমনটা করেছিল।”

কোহলি না থাকলেও দলের অন্য ক্রিকেটারদের উপর পূর্ণ আস্থা আছে কুম্বলের। তাঁর দৃঢ় বিশ্বাস ব্যাটিং-বোলিং দিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারবে ভারত।

কুম্বলে বলেন,”স্মিথ এবং ওয়ার্নার ফিরেছে এবং ভিরাট তিন ম্যাচের টেস্ট সিরিজে থাকছে না। এটা ভারতের চিন্তার কারণ হতে পারে। কিন্তু আমি বলবো তাদের মধ্যে সেই সামর্থ্য আছে (অস্ট্রেলিয়াকে সিরিজে হারানোর), ব্যাটিং বোলিং দিয়ে তাদের হারানোর।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »