নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মহেন্দ্র সিংহ ধোনি গ্লাভস হাতে উইকেটের পিছনে থাকা মানেই অন্য রকম কিছু। তাঁর বিদ্যুত গতিতে করা স্টাম্পিং ভুগিয়েছে অনেক ব্যাটসম্যানকে।
গেল রবিবার (৬ ডিসেম্বর) সিডনিতে ভারতের সাথে টি-টোয়েন্টি ম্যাচে ধোনির মতো বিদ্যুৎ গতির না হতে পারার জন্য আক্ষেপ করতে দেখা গেছে অজি উইকেট কিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে। অস্ট্রেলিয়ান এই অধিনায়কের মুখে ভারতের সাবেক অধিনায়ককে নিয়ে এমন আক্ষেপ কিছুটা হলেও অচেনা লেগেছে সব ক্রিকেটপ্রেমীদের কাছে।
সেদিনের ঘটনাটি ঘটেছিল ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে এবং অস্ট্রেলিয়ার স্পিনার মিচেল সোয়েপসনের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে। ওই ওভারের পঞ্চম বলটি শিখর ধাওয়ান কাট করতে গেলে তা ব্যাট-বলে হয়নি। কাট করতে গিয়ে ক্রিজ থেকে পা কিছুটা বাইরে বেরিয়ে গিয়েছিল বাঁহাতি এই ব্যাটসম্যানের। তাতে বেল উড়িয়ে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। যদিও ততক্ষণে ক্রিজের ভেতরে প্রবেশ করে ফেলেছেন ধাওয়ান। ওয়েডের আবেদন তৃতীয় আম্পায়ার পর্যন্ত পৌঁছালেও আউট হয়নি।
যা নিয়ে আক্ষেপ করতে শোনা যায় ওয়েডকে। ধাওয়ানের দিকে তাকিয়ে হাসতে হাসতে তিনি বলেন,”ধোনি হতে পারলাম না। ধোনির মতো বিদ্যুৎ গতির হতে পারলাম না।’’
ওয়েডের সেই মন্তব্য স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে। যা শুনে হেসে ফেলেন ধাওয়ান এবং ধারাভাষ্যকাররা।
শেষ পর্যন্ত ৫২ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজের টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত।
