টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর জিনিস খুঁজে পেয়েছেন মুশফিক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকার তরুণ পেসার শফিকুল ইসলাম ৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সাথে ৫টি লিস্ট-এ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২৩ বছর বয়সী এই তরুণের। তবে চলতি বছরে বেশ নাটকীয়ভাবে এইচপির স্কোয়াডে ডাক পান শফিকুল। সেই ক্যাম্পে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ম্যাচে দারুণ পারফর্ম করেন। ভাগ্য খুলে যায় তার। নাম ওঠে যায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে।

ড্রাফট থেকে শফিকুলকে দলে ভেড়ায় ঢাকা। দলটির হয়ে প্রথম ম্যাচে সুযোগ না পেলেও পরের চার ম্যাচে নিয়মিত তিনি। শফিকুলের বোলিংয়ে মুগ্ধ হয়ে ঢাকার পেসার রুবেল হোসেন বলেছিলেন,’‘ওর সাথে আমি নেটে বোলিং করেছি। তখনই দেখেছি ভালো বোলিং করে। পেস আছে, ভেরিয়েশন আছে। ভালো ছেলে এবং ভালো বোলার। আমার কাছে মনে হয় ওর ভবিষ্যৎ ভালো।’’

বঙ্গবন্ধু কাপে চার ম্যাচে ৮ উইকেট নিয়েছেন শফিকুল। ভালো বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নিজের সেরাটা দেখিয়ে চলেছেন এই পেসার। গতকাল রোববার চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে ইনফর্ম ব্যাটসম্যান লিটন দাসকে ফিরিয়েছেন অসাধারণ এক ক্যাচ নিয়ে। যা টুর্নামেন্ট সেরা ক্যাচগুলোর একটি। সেই ম্যাচটি জিতেছে ঢাকা।

ম্যাচ শেষে শফিকুলকে প্রশংসা বন্যায় ভাসিয়ে মুশফিক বলেন,”আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর জিনিস কি, আমি তাহলে অবশ্যই বলব শফিকুল। যেভাবে সে বল করেছে, বিশেষ শেষ তিন ম্যাচে সে অসাধারণ ছিল। তাকে দমিয়ে রাখা অতটা সহজ নয়।আমি মনে করি সে যেভাবে ক্রিজে এবং ক্রিজের বাইরে তার কাজটা করেছে এটা দুর্দান্ত। শুধু তার বোলিংই নয়, সে ফিল্ডিংয়েও ভালো করছে। আমি মনে করি এই ধরণের ক্রিকেটাররা ভবিষ্যতে অনেকদূর এগিয়ে যাবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »