এখনই সন্তুষ্ট হতে চান না ইয়াসির রাব্বি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে দিশেহারা হয়ে গিয়েছিল বেক্সিমকো ঢাকা। তবে সর্বশেষ দুই ম্যাচ জয়লাভ করে বর্তমানে ভাল অবস্থানে রয়েছে মুশফিকের এই দল। তবে এই দুই জয়ের দিনে গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। দলের জয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও এখনই সন্তুষ্ট হতে চান না তিনি।

বরিশালের বিপক্ষে ৩০ বলে সহজেই ৪০ রানের ইনিংস খেলে দলকে জেতান। এরপর শুক্রবার (৪ ডিসেম্বর) মিনিস্টার রাজশাহীর বিপক্ষেও খেলেছেন ৩৯ বলে ৬৭ রানের ম্যাচ জয়ী ইনিংস।

টানা দুই ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনই সন্তুষ্ট হতে চান না ডানহাতি এই ব্যাটসম্যান। তিনি মনে করেন, দলের জন্য ভালো খেলায় ভালো লাগছে তবে সামনে আরও তিনটা কঠিন খেলা আছে।

এ প্রসেঙ্গে রাব্বি বলেন,”আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আরও ম্যাচ বাকি আছে। ম্যাচ জেতাতে পেরেছি দলের জন্য। ওটার জন্য খুশি লাগছে কিন্তু এখনই সন্তুষ্টি হচ্ছি না। কারণ সামনে আরও কঠিন তিনটা ম্যাচ বাকি আছে। তারপর ওইগুলো খেলে আমাদের এলিমিনেটর, কোয়ালিফাইয়ার পার করতে হবে। তাই আরও ভালো কিছু দলের জন্য করার আমার চেষ্টা থাকবে।’’

প্রথম তিন ম্যাচে টানা হারের পর পরের দুই ম্যাচে টানা জয় পেয়েছে তারা। এই ম্যাচ জয় সামনের ম্যাচগুলোতে ভালো করতে সহায়তা করবে বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, তারা সঠিক পথেই আছেন।

রাব্বির ভাষ্য,’‘আমি বলব প্রথমে আমাদের তিনটা ম্যাচ ভালো যায়নি কিন্তু এর চেয়ে ভালো কিছু দুরে নয়। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা দুইটা জিতেছি। ইনশাআল্লাহ হয়তো এই দুইটা জয় আমাদের সামনের ম্যাচগুলোতে বুস্ট আপ করবে। আমি মনে করি এটা ঠিক আছে। কিন্তু আমরা এখন সঠিক পথেই আছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »