চট্টগ্রামের কাছে উড়ে গেল শক্তিশালী জেমকন খুলনা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বঙ্গবন্ধু টি-টুয়েন্টি লিগে বারুদে ঠাসা জেমকন খুলনাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে আসরে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।ফলে কাগজে কলমে শক্তিশালী দল নিয়ে টুর্নামেন্ট শুরু করা সাকিব-মাহমুদুল্লাহ’দের জেমকন খুলনা হারলো টানা দুই ম্যাচ।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন ইমরুল কায়েস। এছাড়া আরিফুলের ব্যাট থেকে আসে ১৫ রান। ৩.৫ ওভার বল করে মাত্র ৫ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে খুলনার ব্যাটিং লাইনআপকে একাই গুড়িয়ে দেন মোস্তাফিজ।

৮৭ রানের মামুলী লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন দাশের অর্ধশতকে হেসেখেলে জয় তুলে নেয় চট্টগ্রাম। দুই ওপেনারের ব্যাটিং দৃঢ়তায় মাত্র ১৩.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩* রানের ইনিংস খেলেন লিটন দাশ, এছাড়া সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ২৬ রান। ফলে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বন্দর নগরীর দলটি।

সংক্ষিপ্ত স্কোর:
খুলনা: ৮৬-১০ (১৭.৫)
ইমরুল ২১ আরিফুল ১৫
মোস্তাফিজ: ৩.৫-০-৫-৪

চট্টগ্রাম: ৮৭-১ (১৩.৪)
লিটন ৫৩* সৌম্য ২৬

ফলাফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »