ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি বাংলাদেশ দলের। তবে সবকিছু অনুকূলে থাকলে আগামী বছরের শুরুতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। এই সফরের জন্য বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি এবং নিরাপত্তা কেমন হবে সেটা যাচাই বাছাই করতেই দুই সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আজ (শনিবার) সকালে তাঁরা ঢাকা এসে পৌঁছেছে।

প্রতিনিধি দলের সদস্য দুজন হলেন, ড. আকশাই মানসিং (আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিক্যাল দলের সদস্য একই সঙ্গে বোর্ডের ডিরেক্টর) এবং আরেকজন হলেন পল স্লোওয়ে (সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার)।

২০২১ সালের জানুয়ারিতে সেরা দল নিয়েই বাংলাদেশ সফরে আসতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট। বাংলাদেশ সফর ক্যারিবীয়দের জন্য মোটেও সহজতর হবে না বলেও মত তাঁর।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেছেন,”আমি আশ্বস্ত করতে চাই যে, আমরা বাংলাদেশসহ যে কোনো সফরে সেরা দল পাঠাব। আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশ সফর সব সময়ই একটি চ্যালেঞ্জিং সফর; কারণ এটি এমন একটি পরিবেশ যা আমাদের নিজস্ব অবস্থা থেকে খুব আলাদা। তবে আমরা সব সময়ই বাংলাদেশে ভালো করেছি। আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের বিপক্ষে খেলা উপভোগ করে। এ মুহূর্তে আমরা মোটামুটি সমান ম্যাচ খেলছি এবং ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে এটি সব সময়ই ভালো সিরিজ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »