নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচেই ফিফটি তুলে নিয়েছেন ফরচুন বরিশালের হয়ে খেলা পারভেজ হোসেন ইমন। ৩ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৫১ রানের দূর্দান্ত এক ইনিংস খেলেন ইমন। আর তার এই দারুন ইনিংসের প্রশংসা করেন খোদ অধিনায়ক তামিমও।
তামিম বলেন, ‘সে খুব ভালো ব্যাটিং করেছে। বল খুব ভালো স্ট্রাইক করছিল। যেভাবে খেলছিল ৬০-৭০ রান করতে পারতো। ও সেটা পারলে আমরাও হয়তো ১৬০-১৭০ করতে পারতাম।’
একদিকে মিরাজ-তামিমরা বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে অসাধারণ ব্যাটিং করে দলকে ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই তারকা খেলোয়াড়। তবে তামিমের আক্ষেপ ইনিংসটা আরো বড় করার।
পারভেজ জানান, ‘আসলে পার্থক্যটা অনেক। এখানে অনেক বেশি এক্সপেরিয়েন্স লাগে।এক্সপেরিয়েন্সটায়ই পার্থক্য বেশি লেগেছে। যা হয়েছে আলহামদুলিল্লাহ, তবে এটা আরও ভালো করা যেত (নিজের ইনিংস নিয়ে)।’
নিজের প্রিয় খেলোয়াড়ের সাথে ব্যাটিং করতে পেরে বেশ স্বাচ্ছ্যন্দে আছেন পারভেজ। দলের মোট রানের সিংহভাগই আসে এই তরুন খেলোয়াড়ের ব্যাট থেকে।
‘অনুভূতিটা অবশ্যই অনেক ভালো। আমার প্রিয় খেলোয়াড় উনি। উনার সাথে ব্যাটিং করতে পেরে সত্যি অনেক খুশি।’– বলেন পারভেজ।
নিজেদের প্রথম ম্যাচে শেষ ওভারে আরিফুলের ঝড়ে ৪ উইকেটের ব্যবধানে পরাজিত হয় ফরচুন বরিশাল।
