র‍্যাঙ্কিংয়ের শীর্ষে তবে একাদশে জায়গা নিয়ে শঙ্কিত মালান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কোন ব্যাটসম্যান যখন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকেন তখন তিনি যেকোনো দলের একাদশে প্রথম পছন্দ এমনটাই ত হওয়ার কথা। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার পরেও নিজের জায়গা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি একাদশে নিজের জায়গা পাওয়া নিয়ে দোটানাই আছেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ সাত টি-টোয়েন্টির সবকটিতেই খেলেছেন মালান। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২০১৭ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে গেলেও নিয়মিত সুযোগ পাননি দলে।

দলে জায়গা নিয়ে শঙ্কার জায়গাটা অদ্ভুত কিছু নয় তার কাছে। তবে একাদশে জায়গা পাওয়ার ব্যাপারটি অধিনায়ক ও নির্বাচকদের উপর ছেড়ে দিয়েছেন তিনি।

মালান বলেন,’‘আমার কোনো ধারণা নেই (পরের টি-টোয়েন্টিতে সুযোগ পাব কিনা)। আমি আসলে সত্যিই কিছু জানি না। এটির উত্তর দিতে পারবেন নির্বাচকরা, কোচরা এবং ইয়ন মরগান। সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটি তাদের ওপরই ছেড়ে দিয়েছি। এছাড়া আমি আমার (র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান) নিয়ে এমন কিছু ভাবছি না যা সম্ভবত আমি অবসরের পর বেশি উপভোগ করব। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা মানেই রান করবেন, দলে থাকবেন এটির কোন নিশ্চয়তা নেই। অবসর নেয়ার দিনে পিছন ফিরে তাকালে হয়তো তখন র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার ব্যাপারটি তৃপ্তি দেবে।’’

একাদশে নিয়মিত হতে প্রত্যেকটি সুযোগই কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্যমতে,’‘প্রতিটি সুযোগই মূল্যবান এবং স্কোয়াডে জায়গা পেতে হলে প্রত্যেকটি সুযোগই কাজে লাগাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ১৫ বা ১৬ জনের স্কোয়াডে থাকাটা, কারণ কেউ চোটে পড়লে বা অন্য কোনোভাবে বদলি হিসেবে দরকার পড়লে এতে সামান্য হলেও ম্যাচ খেলার সুযোগ থাকে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »