নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথমবারের মতো ক্রিকেটারদের নুন্যতম বয়সের নীতিমালা প্রণয়ন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির নতুন এই নিয়মে এখন থেকে ১৫ বছরের আগে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখতে পারবে না কোন ক্রিকেটার। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য নুন্যতম ১৫ বছর বয়স বাধ্যতামূলক করা হয়েছে নতুন এই নীতিমালায়।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বয়সসীমা নিয়ে এর আগে কোন নিয়ম বা বাধ্যবাধকতা ছিল না। সম্প্রতি আইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই নিয়মের কথা জানিয়েছে আইসিসি।
নতুন এই নিয়মের ব্যাপারে আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে জানায়ঃ ‘ক্রিকেটারদের সুরক্ষার উন্নতি করতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ন্যূনতম বয়সের বিধিনিষেধের প্রবর্তন নিশ্চিত করেছে আইসিসি। আইসিসির নির্ধারিত এই বয়সসীমা দ্বিপক্ষীয় ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেট সহ সমস্ত ক্রিকেট জুড়ে প্রযোজ্য। পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের খেলতে হলে এখন থেকে ওই ক্রিকেটারের বয়স নুন্যতম ১৫ বছর হতে হবে।
উল্লেখ্য ১৪ বছর ২২৭ দিন বয়সে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন পাকিস্তানী ক্রিকেটার হাছন রাজা।
১৯৯৬ সালে মাত্র ১৪ বছর বয়সে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। আইসিসির নতুন এই নিয়মের কারণে আজীবন অক্ষুণ্ণ থাকছে হাছন রাজার সর্বকনিষ্ঠ ক্রিকেটারের এই রেকর্ডটি।
নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি
