ডেস্ক রিপোর্ট »
গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে দিল্লি ক্যাপিটালস। প্রথমবারের মতো আইপিএল ইতিহাসে ফাইনালে খেলবে আয়ারের দল। যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার।
চলতি আইপিএল আসরে এখনো পর্যন্ত ১৬ ম্যাচে ২৯ উইকেট পেয়েছেন প্রোটিয়া এই পেসার। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও সবার ওপরে রয়েছেন তিনি। তবে উইকেট নয় টুর্নামেন্টের শিরোপা জেতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাবাদা।
তিনি বলেন,”উইকেট পাওয়াটা প্রধান বিষয় না। আসল জিনিস হচ্ছে টুর্নামেন্টের শিরোপা জেতা। আমরা যদি চ্যাম্পিয়ন হই, আর আমি একটা উইকেটও না পাই। আমার তাতে কোনো সমস্যা নেই।”
গতকাল কোয়ালিফায়ারের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে তার বোলিংয়েই জয় পেয়েছে দিল্লি ক্যাপিটাস। ১৮৯ রানের পুঁজি নিয়ে খেলতে নেমে চার ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি।
এই ম্যাচের পারফরম্যান্স নিয়ে রাবাদা বলেন,”আজকের দিনটা কেবল আমার ছিল। আমার মনে হয় না আলাদাভাবে শেষ ওভারে আমি ভালো করেছি। কিন্তু কিছু সময় আসে যখন আপনি ভালো বল করবেন কিন্তু সেটা বুঝা যাবে না। আমি এটা গ্রহন করেছি।”
