সাকিব শাওন : »
কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতের ক্রিকেটে ধোনি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তার অবসরের আগে থেকেই ভারতের অনেক তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানের মধ্যে ধোনিকে খুঁজছেন অনেকে।
তাদের মধ্যে অন্যতম রিশাভ পান্ত। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। ১২ ম্যাচ খেলে করেছেন মাত্র ২৮৫ রান। পান্তকে ধোনির সঙ্গে তুলনায় ঘোর আপত্তি আছে সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের। এক সময় ধোনির সতীর্থ এই ব্যাটসম্যান মনে করেন তাতে পান্তের উপর বেশি চাপ সৃষ্টি করা হয়। তাকে ধোনির সঙ্গে তুলনা না করতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তিনি।
গম্ভীর বলেন,”সবার আগে আপনাকে রিশাভ পান্ত পরবর্তী ধোনি এটা বলা বন্ধ করতে হবে। মিডিয়ার এটা বন্ধ করা উচিত। তারা যখন এটা বন্ধ করবে, রিশাভ সুযোগগুলো কাজে লাগাবে। সে কখনো ধোনি হতে পারবে না। তাকে রিশাভ পান্তই হতে হবে।”
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নেন পান্ত। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। যদিও এখানে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি।
এর আগে অনেকটা গম্ভীরের সুরেই বিশ্লেষক আকাশ চোপড়া পান্তকে নিয়ে বলেন,”পান্ত আসলে নিজের ভূমিকা নিয়েই খেলার সময় দ্বিধায় ভুগে। দল বা পরিস্থিতি তার কাছে কী চাইছে আমি সে ব্যাপারে কিছু বলছি না। কিন্তু তার নিজের স্টাইলের সঙ্গে তাকে অভ্যস্ত হতে হবে।”
