ব্যাঙ্গালোরকে বিদায় করে টুর্নামেন্টে টিকে রইল হায়দরাবাদ

সাকিব শাওন : »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরে শুক্রবার রাতে এলিমিনেট ম্যাচে এসে থামতে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। হোল্ডার এবং নটরাজনদের বোলিং তোপে অল্প রানেই থামতে হয় কোহলির দলকে। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই ম্যাচ নিজেদের করে নিয়ে ৬ উইকেটের জয় পায় সানরাইজার্স হায়দরাবাদ।

দিনের শুরুতে টস জিতে ব্যাঙ্গালোরকে বোলিংয়ের আমন্ত্রণ জানান হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিতে কোহলিকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন জেসন হোল্ডার। বিরাট কোহলি (৬) ও দেবদূত পাড়িক্কালকে (১) প্যাভিলিয়নের পথ দেখান তিনি। দুই জনই ক্যাচ আউটের শিকার হন। ধীরগতিতে চলা অ্যারন ফিঞ্চ ও এবি ডি ভিলিয়ার্স ইনিংস মেরামত করার চেষ্টা করলেও তা খুব একটা কাজে পারেনি। শাহবাজ নাদিমের শিকার হওয়ার আগে ফিঞ্চ করেন ৩২ বলে ৩০ রান। তারপর দ্রুতই ফিরে যান মঈন আলি, শিবম দুবে।

দলকে একাই টেনে নিয়ে যান ডি ভিলিয়ার্স। ১৮তম ওভারে নটরাজনের এক দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৫৬ রান। তার ৪৩ বলের ইনিংসটিতে ছিল ৫টি চারের মার। নবদীপ সাইনি ৮ বলে ৯ রান ও মোহাম্মদ সিরাজ ৭ বলে ১০ রানে অপরাজিত থেকে ব্যাঙ্গালোরের সংগ্রহ দাঁড় করান ৭ উইকেটে ১৩১। হায়দরাবাদের হোল্ডার ৪ ওভারে ২৫ রান খরচায় নেন ৩টি উইকেট। নটরাজন নেন ২টি উইকেট।

ম্যাচ অনুযায়ী সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই শ্রীবাস্ত গোস্বামীকে হারায় হায়দরাবাদ। দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়া ওয়ার্নার (১৮) ও মনিশ পাণ্ডে (২৪) পরপর বিদায় নিলে আবার চাপে পড়ে যায় কমলা শিবির। ১৪ বলে ৭ রানের এক ধীরগতির ইনিংস খেলে সেই চাপ আরও বাড়িয়ে দেন প্রিয়ম গার্গ।

হায়দরাবাদের চিন্তার ভাঁজ বেশিক্ষণ রাখতে দেননি কেন উইলিয়ামসন ও জেসন হোল্ডার। ইনিংসে শেষ ওভারে এসে ৪৪ বলে অর্ধশতক পূর্ণ করেন উইলিয়ামসন। তখন জয়ের জন্য ৬ বলে হায়দরাবাদের দরকার ছিল ৯ রান। প্রথম দুই বলে ১ রান আসলেও তৃতীয় ৪ হাঁকিয়ে সমীকরণ সহজ করেন হোল্ডার। টানা দুইটি চার হাঁকিয়ে হায়দরাবাদের কোয়ালিফায়ার নিশ্চিত করে ব্যাঙ্গোলোরকে বিদায় করে দেন আসর থেকে।

সংক্ষিপ্ত স্কোর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৩১/৭ (২০ ওভার)
ডি ভিলিয়ার্স ৫৬, ফিঞ্চ ৩০; হোল্ডার ৩/২৫, নটরাজন ২/৩৩।

সানরাইজার্স হায়দরাবাদ ১৩২/৪ (১৯.৪ ওভার);
উইলিয়ামসন ৫০*, হোল্ডার ২৪*, মনিশ ২৪, ওয়ার্নার ১৭; সিরাজ ২/২৮।

সানরাইজার্স হায়দরাবাদ ৬ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »