নিউজ ডেস্ক »
যারা ক্রিকেট খেলে থাকেন বা ক্রিকেট ভাল বোঝেন তারা অবশ্য এ কথাটি অনেক বার শুনেছে সেটা হল ক্যাচ মিস তো ম্যাচ মিস। কারণ একটি অসাধারণ ক্যাচই পারে একটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে।পাশাপাশি জয়ও এনে দিতে সক্ষম একটি ক্যাচ। যার প্রমাণ পাওয়া গেল আবারো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচে। রাজস্থানের ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে প্যাট কামিন্সের করা বল স্টোকসের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। সেই বলটিকে বাঁজ পাখির মত উড়ে গিয়ে এক হাতে অবিশ্বাস্যভাবে তালুবন্দি করে স্টোকসকে সাজঘরে পাঠান কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক দীনেশ কার্তিক।
কার্তিকের অবিশ্বাস্য সেই ক্যাচ দেখে কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে ক্রিজেই দাড়িয়ে রইলেন স্টোকস। কাগজে-কলমে উইকেটটি কামিন্সের হলেও উইকেটটির কৃতিত্ব বোলারকে দিতে নারাজ কলকাতার দলপতি ইয়ন মরগান। তাঁর মতে এ ধরণের অবিশ্বাস্য ক্যাচ যে ধরে উইকেটটি তারই হয়ে যায়। তাই এটি কার্তিকের উইকেট বলে মন্তব্য করেন তিনি।
আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় মরগান বলেন, ”দীনেশ কার্তিক ক্যাচটি অসাধারণ ছিল। যখন একজন খেলোয়াড় এ ধরণের ক্যাচ ধরে তখন উইকেটটি পুরোপুরি তার হয়ে যায়। এখানে বোলারের কোন ভূমিকা নেই। এটা কিপারের ক্যাচ এমনকি কিপারের উইকেট।”
এই জয়ের পর লম্বা লাফ দিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে কলকাতা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাটে-বলে কলকাতার অসাধারণ নৈপুণ্যে বেশ আনন্দিত দলটির অধিনায়ক। এ বিষয়ে কলকাতা দলপতি বলেন,”ছেলেরা যে সময় জ্বলে উঠেছে সেসময় আমাদের পরিস্থিতি অনুকূলে ছিল না। এই ম্যাচে (রাজস্থানের বিপক্ষের ম্যাচে) তারা অসাধারণ খেলেছে। তাদের যা করা উচিত ছিল তারা তাই করতে চেষ্টা করেছে। আসলে আমাদের পুরো টুর্নামেন্ট জুড়ে এভাবেই খেলা উচিত ছিল। দলের এ ধরণের পারফর্মম্যান্সে আমি আনন্দিত। এখন যা ই ঘটুক না কেন এখানে আমাদের করার কিছুই নেই।”
