রাজস্থানকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইলো কলকাতা

সাকিব শাওন : »

রবিবার লিগ পর্বের নিজেদের শেষ ম্যাচে বড় জয় তুলে নিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। গতকালের ম্যাচে কলকাতার কাছে ৬০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্মির্থের রাজস্থান রয়্যালস।

দিনের শুরুতে দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে কলকাতা। মরগানের ঝড়ো ৬৮ রানের ইনিংস দলকে এনে দেয় বড় পুঁজি। ৩৫ বলের মোকাবেলায় ৫টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে ৬৮ রান করে অপারিজত থাকেন বিশ্বজয়ী এই অধিনায়ক। এছাড়া ত্রিপাথি ৩৯, গিল ৩৬ ও আন্দ্রে রাসেল করেন ২৫ রান। রাজস্থানের পক্ষে রাহুল তেভাটিয়া তিনটি ও কার্তিক ত্যাগী দুটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থান। দলীয় ৪০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান। এরপর জস বাটলার ও রাহুল তেভাটিয়া প্রতিরোধ গড়ার জোর চেষ্টা করেন। তবে বাটলার ৩৫ ও তেভাটিয়া ৩১ রান করে আউট হলে শেষ রক্ষা হয়নি আর স্টিভ স্মিথের দলের। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান। কলকাতার পক্ষে প্যাট কামিন্স চারটি এবং শিভম মাভি ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর
কলকাতা নাইট রাইডার্স ১৯১/৭ (২০ ওভার)
মরগান ৬৮*, ত্রিপাথি ৩৯, গিল ৩৬, রাসেল ২৫; তেভাটিয়া ২৫/৩, ত্যাগী ৩৬/২

রাজস্থান রয়্যালস ১৩১/৯ (২০ ওভার)
বাটলার ৩৫, তেভাটিয়া ৩১; কামিন্স ৩৪/৪, শিভম ১৫/২ বরুণ ২০/২;

ফল: কলকাতা নাইট রাইডার্স ৬০ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »