মারুফ ইসলাম ইফতি »
ক্রিস গেইল! কারো কাছে অতিমানবীয় একজন, কারো কাছে ইউনিভার্স বস কিংবা কারো কাছে ছক্কা মেশিন। ছক্কা হাঁকানোকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন এই ক্যারিবিয়ান হার্ডহিটার। বিশ্বসেরা সব বোলারদের নাকানিচোবানি খাইয়ে ওভার বাউন্ডারির ফুলঝুরিতে ইতিমধ্যে টি-টুয়েন্টি ক্যারিয়ারে ১০০০+ ছক্কা হাঁকানোর বিস্ময়কর রেকর্ড গড়েছেন দ্যা ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল।
আইপিএলে শুক্রবার রাজস্থান রয়েলসের বিপক্ষে চার-ছক্কার ফুলঝুরি ফুটিয়ে খেলেছেন ৯৯ রানের এক বিধ্বংসী ইনিংস। ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও অনন্য রেকর্ডের মুকুট মাথায় নিয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপটা কিছুটা হলেও ঘুচেছে গেইলের। ৯৯ রানের ইনিংসে মোট ৮ বার উড়িয়ে বল সিমানার বাইরে ফেলেছেন গেইল। ইনিংসে কার্ত্তিক ত্যাগির বলে নিজের সপ্তম ছক্কা হাঁকিয়ে প্রথম কোন ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন টি-টুয়েন্টি ফরম্যাটে হাজার ছক্কা হাঁকানোর। এই মুহুর্তে টি-টুয়েন্টি ফরম্যাটে ১০০১ টি ওভার বাউন্ডারির মালিক গেইল। ছক্কা হাঁকানোর এই দৌঁড়ে গেইলের ধারেকাছেও নেই কেউ। গেইল থেকে ৩১০ ছক্কা পিছিয়ে থেকে ৬৯০ ছক্কা নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন গেইলের আরেক স্বদেশী কাইরন পোলার্ড।
বিশাল আকৃতির সব ওভার বাউন্ডারি হাঁকানো গেইলের জন্য যেন দুধভাত। ছক্কা খাদক ক্রিস গেইলের ছক্কার সংখ্যা নিয়ে একটু ঘাটাঘাটি করে মিলেছে দারুণ সব তথ্য। একনজরে দেখে আসা যাক হাজার খানেক ছয়ের মালিক গেইলের ছক্কানামা!
১০০১ ছক্কাঃ নির্দিষ্ট একটি ফরম্যাটে হাজার খানেক ছক্কা! এটাও কি সম্ভব? সংখ্যাটা যেহেতু ওভার বাউন্ডারির, ইউনিভার্স বস ক্রিস গেইলের জন্য অসম্ভব নয়। টি-টুয়েন্টি ক্রিকেটের এই ফেরিওয়ালা এই ফরম্যাটে ১০০০+ ছক্কা হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে আরো একবার জানান দিয়েছে, ইউনিভার্স বস একজনই “ক্রিস্টোফার হেংরি গেইল। এই মুহুর্তে টি-টুয়েন্টি ফরম্যাটে একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০০+ ওভার বাউন্ডারির মালিক ক্রিস গেইল।
৩৪৯, ১৬২, ১৩২, ৬০ ছক্কাঃ ক্রিস গেইলকে ছক্কা মেশিন কেন বলা হয় তাঁর আরেকটি প্রমাণ (৩৪৯,১৬২,১৩২,৬০) এই সংখ্যা গুলো। এখন অব্দী আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ৩৪৯ টি ছক্কা হাঁকিয়েছেন গেইল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলের সর্বোচ্চ ১৬২ ছক্কা হাঁকানো ব্যক্তিটিও এই ইউনিভার্স বস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ছক্কার হিসেব মিলিয়ে দেখা গেল বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ছক্কার মালিক ১৩২ বার উড়িয়ে সিমানার বাইরে বল আছড়ে ফেলা ব্যাটসম্যানটি সেই ক্রিস গেইল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপেও সর্বাধিক ৬০টি ছক্কার মালিক এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব।
২৬৩ ছক্কা: একটি নির্দিষ্ট দলের হয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডটিও ক্রিস গেইলের দখলে। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গেইলের হাঁকানো ছক্কার সংখ্যা ২৬৩।
১৩৫ ছক্কা: এক বছরে সর্বোচ্চ ১৩৫ ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। ২০১৫ সালে ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ গুলো ও আন্তর্জাতিক টি-টুয়েন্টি মিলিয়ে সর্বাধিক ১৩৫ ওভার বাউন্ডারি হাঁকিয়েছে ইউনিভার্স বস।
৬১ ছক্কাঃ আইপিএল ইতিহাসে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বোচ্চ ৬১ টি ছক্কা হাঁকানোর রেকর্ডটিও ক্রিস গেইলের। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৬১ বার সিমানার বাইরে উড়িয়ে বল পাঠিয়েছেন গেইল।
১৮ ছক্কা : নির্দিষ্ট একটি টি-টুয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ১৮ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও ক্রিস গেইলের। ২০১৮ সালের বিপিএলের ফাইনালে রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে এক ইনিংসে ১৮ ছক্কা হাঁকিয়েছেন গেইল।
১৭ ছক্কাঃ টি-টুয়েন্টি ফরম্যাটে স্বদেশী পেসার ডুয়াইন ব্রাভোকে সর্বোচ্চ ১৭ টি ছক্কা মেরেছেন ক্রিস গেইল।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর / মারুফ ইসলাম ইফতি
