সূর্যকুমার যাদবের ব্যাটিং দৃঢ়তায় শীর্ষে মুম্বাই-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শেষ দুই আইপিএল মৌসুমে ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছেন সূর্যকুমার যাদব। তারই ধারাবাহিকতাই চলতি আসরেও এখনো পর্যন্ত ৩৫০+ রান করেন মুম্বাইয়ের এই ব্যাটসম্যান। জাতীয় দলে জায়গা না হলেও আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে জাত চিনিয়েছেন দারুণভাবে। গতকাল বেঙ্গালুরুর বিপক্ষেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে জিতিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ডানহাতি ব্যাটসম্যান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুম্বাই। এই জয়ের পথে ৩ ছক্কা এবং ১০ চারের সাহায্যে মাত্র ৪৩ বলে অপরাজিত ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা সূর্যকুমার।

বেঙ্গালুরুর ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সূর্যকুমারের ব্যাটিং তান্ডবে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই। এ ছাড়া ১৯ বলে ২৫ রান করেন ওপেনার ইশান কিশান।

এর আগে শুরুতে টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন মুম্বাইয়ের ভারপ্রাপ্ত দলপতি পোলার্ড। এরপর খেলতে নেমে ওপেনার দেবদূত পাদিকালের অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে মুম্বাই। একটি ছক্কা এবং ১২টি চারের সাহায্যে ৪৫ বলে ৭৪ রান করেন ২০ বছর বয়সী পাদিকাল। ২৪ বলে ৩৩ রানের আরেকটি দারুণ ইনিংস উপহার দেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জস ফিলিপ।

এ দিন আবারো মুম্বাইয়ের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন পেসার জাসপ্রিত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। আর একটি করে উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, লেগ স্পিনার রাহুল চাহার এবং অধিনায়ক পোলার্ড।

সংক্ষিপ্ত স্কোর:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬৪/৬ (২০ ওভার) (পাদিকাল ৭৪, ফিলিপ ৩৩; বুমরাহ ৩/১৪, পোলার্ড ১/৫)

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৬৬/৫ (১৯.১ ওভার) (সূর্যকুমার ৭৯*, কিশান ২৫; সিরাজ ২/২৮, চাহাল ২/৩৭)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »