মায়ের কথাতেই ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন রশিদ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একাটা সময় আফগানিস্তানের মত দেশে খেলাধুলা ছিল বিলাসিতার মত। আর এখন সেই দেশটিই বিশ্বের হাতেগোনা ১২টি টেস্ট দলের একটি। এবং সেই দেশ থেকেই উঠে এসেছেন রশিদ খানের মত বিশ্বসেরা লেগ স্পিনার।

বয়স এখনো কম হলেও অভিজ্ঞতার কোন কমতি নেই এই লেগ স্পিনারের। আফগান এই অধিনায়ক চলতি আইপিএলে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আইপিএলের ডেরায় বসে প্রকাশ করা এক ভিডিও বার্তায় রশিদ জানিয়েছেন, মায়ের পরামর্শে কীভাবে তার ক্যারিয়ার থেমে যায়নি।

এশিয়ার দেশগুলোতে পরিবারকে বুঝিয়ে-শুনিয়ে ক্রিকেটে আসা রীতিমত অনেক বড় একটি বিষয়। সবাই যখন তাকে খেলা থেকে দূরে থাকতে বললো তার মা-ই তখন তাকে ক্রিকেট চালিয়ে যেতে বলেন। মুঠোফোনে দেওয়া মায়ের পরামর্শ মেনে রশিদ হাল ছাড়েননি।

রশিদ বলেন,’‘আফগানিস্তান এ দলে ডাক পাই আমি। ক্যাম্পে থাকলেও একটি ম্যাচ খেলা হয়নি। এরপর আমাকে স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়। আমি তখনই ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলাম। আমার ভাই তো রেগেমেগে আগুন! আমাকে বলল, এখন ক্রিকেট ছাড় আর পড়াশোনায় মন দে।’’

পড়াশোনার কথা শুনলে অন্য সব মায়েরা একটু বেশিই খুশিই হন। ব্যতিক্রম ছিলেন রশিদের মা। তিনি ছেলেকে ক্রিকেট চালিয়ে যাওয়ার পরামর্শই দিয়েছিলেন। রশিদ বলেন, ‘‘আমি মাকে কল দিলাম। তিনি আমাকে বললেন, ক্রিকেট উপভোগ করে যাও। ফলাফল যাই হোক, চেষ্টা করতে থাকো। আজ না হোক, একদিন সফল হবে।’ মায়ের পরামর্শে ক্রিকেটে পড়ে থাকেন রশিদ। তিনি জানান, ‘একটি ঘরোয়া টুর্নামেন্টে ৩ ম্যাচে ২১ উইকেট শিকার করি। এতে ২০১৫ সালে জাতীয় দলেই ডাক পেয়ে যাই।’’

এখন অবশ্য চাইলেও আর মায়ের সাথে কথা বলতে পারেন না রশিদ, বিপদ আপদে নিতে পারেন না কোনো রকম পরামর্শ। কয়েকমাস আগে শারীরিক অসুস্থতায় রশিদের রত্নগর্ভা মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »