নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাট হাতে আগুন ঝরানো পারফরমেন্স করেছেন বেন স্টোকস। রাজস্থান রয়্যালসের এই ইংলিশ অলরাউন্ডার মাত্র ৬০ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
কালকের দুর্দান্ত এই ব্যাটিংয়ের পরও অবশ্য ভিতরে কিছুটা তিক্ততা কাজ করছে স্টোকসের। কারণ শুরুর কয়েক ম্যাচে নিজের খেলাটি খেলতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। এই ম্যাচের আগে সর্বশেষ ৫টি ইনিংসে স্টোকস রান করেন যথাক্রমে ৫, ৪১, ১৫, ১৯ এবং ৩০। তবে মুম্বাইয়ের মুখোমুখি হয়ে পুরনো রূপেই যেন ফিরে আসেন তিনি।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্টোকস বলেছেন, ”সত্যি কথা বলতে গেলে কিছুটা তিক্ততা রয়েছে। দলের জন্য এটা করার জন্য অনেক সময় লেগে গেল। এই ফর্ম আমি দুই-তিন ম্যাচ আগেই পেতে পারতাম যখন কোয়ালিফায়ারে খেলতে অন্য ফলাফলের উপর নির্ভর করতে হতো না।”
গতকাল মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামার আগের দিন টানা অনুশীলন করেছেন স্টোকস। যে কারণে পূর্ণ আত্মবিশ্বাস ছিল তার নিজের মধ্যে।
ফর্মে ফিরতে পেরে স্টোকস বলেন,”ফর্মে ফেরা সবসময়ই দারুণ ব্যাপার। আমাদের আজকে একটি ইতিবাচক ফলাফল দরকার ছিল। তাই বলা যায় এটা অনেক ভালো একটি জয়। গতকালের অনুশীলন দারুণ ছিল। আমি সেখানে সারা দিন ছিলাম। আমি অন্যান্য ম্যাচের চেয়ে আজ (গতকাল) বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিলাম। মাঝখানে বেশ কিছু সময় ব্যাটিং করতে পারায় ভালো হয়েছে এবং ম্যাচটি শেষ করে আসতে পেরেছি।”
