নিউজ ডেস্ক »
ক্যারিয়ারের এই ছোট সময়ে ভালো খারাপ দুটি দিকই দেখে ফেলেছেন তাসকিন আহমেদ। দুর্দান্ত ক্যারিয়ার শুরুর পর অফফর্ম আর ইনজুরির কারনে হারিয়ে গিয়েছিলেন তাসকিন, তবে কঠোর পরিশ্রম দিয়ে তাসকিন ফিরেছেন নিজের রূপে। তবে তাসকিন যে আবার ফিরতে পারবেন সেটা নিয়ে সন্দিহান ছিলেন নাজমুল হাসান পাপন।
বোলিং অ্যাকশনের নিষেথাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি ঢাকার এই পেসার। ২০১৭ সালে ওয়ানডে ও টেস্ট আর ২০১৮ সালে সর্বশেষ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন এই ডানহাতি পেসার। ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের হয়ে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। এরপর জাতীয় দলে ডাক আসলেও ইনজুরি আবারো তাসকিনকে নিয়ে যায় দলের বাইরে, এরপর আর ফেরা হয়নি তার। 

তবে এবার তাসকিন ফিরেছেন পুরনো রূপে, আরো ধারালো হয়ে। ফিটনেসের সাথে দুর্দান্ত গতি, ইয়ার্কার, বাউন্সার নিয়ে। তাসকিনের এই প্রত্যাবর্তনে অনেকটা অবাক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘এখানে সবচেয়ে ভালো লেগেছে তাসকিনকে। যেভাবে সে ফিরে এসেছে। এক সময় আমরা মনে করেছিলাম ওর আর জাতীয় দলে জায়গা পাওয়া হবে না। রুবেলও ভালো বোলিং করেছে। সুমন খান নতুন একটা ছেলে দেখেছি।’

ইনজুরি থেকে ফিরে সদ্য শেষ হওয়া প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টটা দারুণ কাটিয়েছেন তাসকিন। পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে ৪.৪৮ ইকোনোমি রেটে ৭ উইকেট নিয়েছেন এই পেসার। যেখানে একবার ৩৬ রানে ৪ উইকেটও নিয়েছিলেন। এমন পারফর্ম করে কামব্যাক প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। এই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট নিয়েছেন যৌথভাবে রুবেল ও সাইফুদ্দিন, দুজনের উইকেট সংখ্যাই ১২ টি। তবে সেরা বোলার এর পুরস্কার জিতেছেন রুবেল হোসেন।
