নিউজ ডেস্ক »
মাত্র ১৬ বছর বয়সেই ভারত অনুর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার সেই সময়ের দলে ছিলেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। আরো ছিলেন মনিষ পান্ডে, রবীন্দ্র জাদেজার মত তারতা ক্রিকেটাররা।
২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন শ্রীবাস্তব। সেবার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহের মালিক ও ছিলেন তিনি। কিন্তু এরপরও জাতীয় দলে খেলার সুযোগ হয়নি বাঁহাতি এই ওপেনারের।
সম্প্রতি রঞ্জি ট্রফিতে খেলার কথা ছিল শ্রীবাস্তবের। কিন্তু দলটির পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত তাদের পরিকল্পনাতে নেই তিনি। বয়স ৩০ হওয়ায় জাতীয় দলের হয়ে অভিষেকের সম্ভাবনাও নেই তেমন। তাই সবমিলিয়ে ক্রিকেটকে বিদায় জানানোটাই শ্রেয় মনে করেছেন শ্রীবাস্তব।
ইএসপিএন ক্রিকইনফোকে শ্রীবাস্তব বলেন,”আমি উত্তরাখন্ডের হয়ে খেলছি না। তাই এই দলের হয়ে আমার কোন ভবিষ্যত নেই মনে হয়। আমি আইপিএলেও খেলি না। আমি জানি, আমি আর ইন্ডিয়ার পক্ষেও খেলতে পারব না। তাই খেলা চালিয়ে যাওয়ার আর কোন কারণ দেখছি না। আমি তরুণ কোনো ক্রিকেটারের জায়গা দখল করতে চাইনা। আমার চেয়ে বরং তরুণ কেউ সঠিক সময়ে সঠিক সুযোগ পেলে বেশি উপকৃত হবে।”
এখন পর্যন্ত উত্তর প্রদেশের হয়ে ৯০টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলা শ্রীবাস্তব তাঁর ক্যারিয়ারে মোট ৪ হাজার ৯১৮ রান সংগ্রহ করেন। এতে খুব একটা আক্ষেপ নেই শ্রীবাস্তবের। নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বেশ সন্তুষ্টই তিনি। শ্রীবাস্তব বলেন,”অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ের অংশ হয়ে ভারতের জার্সি গায়ে জড়ানো, রঞ্জি ফাইনালে সেঞ্চুরি করা, আইপিএল-এর অংশ হওয়া- এই সব অভিজ্ঞতা আমাকে খুব রোমাঞ্চিত করে। আমি আমার ক্যারিয়ার নিয়ে সামগ্রিকভাবে খুশি।’
