প্লে-অফের আশা ছাড়ছেন না স্মিথ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুটা চোখে লেগে থাকার মত ছিল রাজস্থান রয়্যালসের। চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে এবারের আসর শুরু করেছিল তারা। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। শেষ ৯ ম্যাচের মাত্র দুইটিতে জয় পায় স্টিভেন স্মিথের দল।

এখনো পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে রাজস্থান। তবুও এখনো প্লে অফ খেলার আশা ছাড়ছেন না দলটির অধিনায়ক স্মিথ। বাকি থাকা তিন ম্যাচে জয় তুলে প্লে অফ খেলার আশা বাঁচিয়ে রাখতে চান তিনি।

এ বিষয়ে স্মিথ বলেন,”টানা দুইটা ম্যাচ টানা জেতার পর আমরা আর ভালো খেলেনি। এটা খুব কঠিন একটা বছর তবে আমরা এখনো আশাবাদি। আশা করি সবকিছু বদলে দিয়ে শেষ তিন ম্যাচে জয় পাবো এবং প্লে-অফ খেলার জন্য সম্ভাব্য সব সুযোগ কাজে লাগাবো।”

রাজস্থানের এমন নাজুক অবস্থার জন্য সিনিয়র ক্রিকেটারদেরই দায় বেশি বলে মনে করেন স্মিথ। বড়দের কাঠগড়ায় দাঁড় করালেও ছোটোদের পারফরম্যান্সে মুগ্ধ স্মিথ। বিশেষ করে রাজস্থানের তিন তরুণ ক্রিকেটারের পারফরম্যান্সে মুগ্ধ এই অজি ক্রিকেটার।

তাদের পারফরমেন্স প্রসঙ্গে স্মিথ বলেন,”অবশ্যই। কার্তিক ত্যাগী, তেওয়াতিয়া ও পরাগ এই টুর্নামেন্টে আমাদের জন্য ইতিবাচক ছিল। তারা বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করেছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সিনিয়ররা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেনি। ভালো একটা শুরুর পর অনেকবার উপর-নিচ হয়েছে এই বছর।”

চলতি আইপিএলে ১১ ম্যাচ থেকে ২৬৫ রান করেছেন স্মিথ। করেছেন তিন হাফ সেঞ্চুরি। তবে এ আসরে মোটেও ধারাবাহিক দেখা যায়নি স্মিথকে। নিজের ব্যাটিংয়ে ছন্দের অভাব অনুভব করেছেন অজি ক্রিকেটারও।

তিনি বলেন,”আমি নিজেও ভেবেছি ছন্দটা পেতে আমার কিছু সময় লাগবে। বেঙ্গালুরের বিপক্ষে ম্যাচে আমি ক্রিজে কিছুটা সময় কাটিয়েছি। ছন্দ পেতে শুরু করেছিলাম, ভালো বোধ করছিলাম। আসরের শুরুর দিকে আমি বোধ হয় একটু জোরেও খেলতে চাচ্ছিলাম।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »