নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতবছর পাকিস্তান দলের প্রধান নির্বাচক এবং হেড কোচের দায়িত্ব পান দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক। তবে সম্প্রতি কোচিংয়ে বেশি মনোযোগ দিতে প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন মিসবাহ উল হক। তবে এই সিদ্ধান্তকে পাকিস্তান ক্রিকেটের জন্য ক্ষতি হিসেবেই দেখছেন সাবেক পেসার আকিব জাভেদ। পাকিস্তানের সাবেক এই পেসারের মতে, কোচের দায়িত্ব থেকে সরিয়ে মিসবাহকে প্রধান নির্বাচকের পদে রাখা উচিত ছিল।
এর আগে সাবেক কোচ মিকি আর্থারের বিদায়ের পর হেড কোচের পাশাপাশি প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয় মিসবাহকে। তবে একই সঙ্গে দুই দায়িত্ব দেয়ার কারণে শুরু হয়ে যায় বিতর্ক। অবশেষে এক বছর পর সম্প্রতি প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। মূলত কোচিংয়ে মনোযোগ দিতেই নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি।
তবে এখনই কোচিংয়ে মিসবাহর ভবিষ্যত দেখছেন না পাকিস্তানের সাবেক এই পেসার। বরং কোচিংয়ে থাকলে পাকিস্তানের আরও পতন হবে বলে মন্তব্য করেন তিনি। সাবেক এই ক্রিকেটারের মতে কোচ হিসেবে না রেখে নির্বাচক হিসেবে রাখলে ভালো হতো।
আকিব বলেন,’‘প্রধান নির্বাচক হিসেবে না রেখে মিসবাহকে প্রধান কোচের দায়িত্বে রাখা বড় ভুল। সে প্রধান নির্বাচক পদের জন্যই বেশি উপযুক্ত। কোচিংয়ে তার ভালো কোনো ভবিষ্যৎ নেই। অতীতেও এই ধরনের পরীক্ষা-নিরিক্ষা চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা হয়তো আরও ধ্বংসের দিকে যাচ্ছি। মিসবাহকে দুই দায়িত্ব দিয়ে শুরুতেই তারা ভুল করেছিল। এখন দ্বিতীয় ভুল করল প্রধান নির্বাচকের পরিবর্তে তাকে প্রধান কোচের দায়িত্বে রেখে। উঠতি তরুণদের সম্পর্কে ভালো ধারণা আছে তার। বিভিন্ন ম্যাচ ও পারফরম্যান্স দেখে তরুণ প্রতিভা তুলে আনতে পারত সে। দুনিয়ার কোথাও কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া কাউকে জাতীয় দলের কোচ করা হয় না।’’
