সেঞ্চুরির আক্ষেপে পুড়ছেন আফিফ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের তরুণ প্রতিভাবান অলারাউন্ডার বলা হয়ে থাকে আফিফ হোসেনকে। করোনা পরবর্তী চলতি টুর্নামেন্টের আগের ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে  আউট হয়ে ফিরে যেতে হয়েছিল আফিফ হোসেনকে। সেদিন তামিম একাদশের বিপক্ষে থাইপ্যাডে লেগেছিল বল তবে বোলার এবং উইকেটক্ষকের জোড়ালো আবেদনে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার।

তবে গতকাল মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে খেলতে নেমে ৯৮ রানে আউট হয়েছেন আফিফ। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সঙ্গে ক্রিজে ভুল বোঝাবুঝিতে ২ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন এই তরুণ অলারাউন্ডার।

এ নিয়ে অবশ্য কিছুটা আক্ষেপ থেকে গেছে আফিফের। তবে দলের জয়কেই বড় করে দেখছেন তিনি। উইকেটে যখন গেছেন তখন ৩১ রানে নাজমুল একাদশ ৩ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকছে। সেখান থেকেই মুশফিককে নিয়ে দলের স্কোরটাকে সম্মানজনক চেহারা দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে আফিফ বলেছেন, ”প্রথমে লক্ষ্য ছিল যতক্ষণ উইকেটে আছি উইকেট না দিয়ে খেলা যায়। এই পরিকল্পনা নিয়েই ব্যাটিং করছিলাম। একটু খারাপ লাগছে কিন্তু দিনের শেষে দলের জয়টাই বড়।”

১০৮ বলের ইনিংসটিতে ১২টি চার এবং একটি ছক্কার মার ছিল। এই তরুণের ইনিংস জুড়েই ছিল স্লগ সুইপে ছক্কা এবং স্কুপ করে বেশ কয়েকটি চারের মার। এমন ইনিংসের সুবাদেই প্রেসিডেন্টস কাপ প্রথমবারের মত আড়াইশো পেরুনো ইনিংস দেখলো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »