দলের পেস বোলিং ইউনিট নিয়ে খুশি জয়াবর্ধনে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই নজর কাড়া পারফর্ম করে চলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসাররা। আমিরাতের এই স্লো উইকেটেও নিজেদের সামর্থ্যের সর্বোচ্ছ জানান দিচ্ছেন ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহরা। সেকারণে দলের পেস আক্রমণ নিয়ে সন্তুষ্ট মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে।

শুক্রবার (১৬ অক্টোবর) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের আট নম্বর ম্যাচ খেলতে নামবে মুম্বাই। এই ম্যাচের আগে পেসার প্রতি আস্থা রাখছেন লঙ্কান কিংবদন্তী।

মুম্বাই কোচ বলেন,”আমরা দেখতে চাই কিভাবে এই কন্ডিশন পরিবর্তন হয়। গত বছরও আমরা টুর্নামেন্টের শেষের দিকে সবকিছু সমন্বয় করেছিলাম যখন আমরা এই ধরণের পিচে খেলেছিলাম (দিল্লি এবং চেন্নাই)। সেই পিচগুলো স্পিনারদের জন্য উপযুক্ত। আমি এখনই অবশ্য সেটা বলতে পারবো না কারণ এখনও পেসাররা বড় ধরণের ভূমিকা রাখছে টুর্নামেন্টে। পাওয়ারপ্লে, মিডল ওভার এবং শেষের দিকেও তারা ভালো করছে।”

পেসাররা ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেয়ায় দল নিয়ে আশাবাদী তিনি। পেসাররা ভালো করলে প্রতিপক্ষের রানের চাকায় বাঁধ দেয়াও সম্ভব বলে বিশ্বাস সাবেক এই তারকা ব্যাটসম্যানের।

জয়াবর্ধনের ভাষায়,”তারা (ফাস্ট বোলাররা) ভালো করলে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ অনেকটাই গলদঘর্ম হবে। কোন ধরণের উইকেটে আমরা খেলছি সেটা ব্যাপার নয় কারণ আমাদের পেস বোলিংয়ের কোয়ালিটি যেমন তাতে সবসময়ই সুযোগ সৃষ্টি হয়। যদি কন্ডিশন পরিবর্তন হয়,তাহলে আমরা সেটা নিয়ে ভাববো, তবে এখন পর্যন্ত আমরা আমাদের কম্বিনেশন নিয়ে খুশি রয়েছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »