নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর করার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। এরপর আইসিসি তি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে অক্টোবরে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানায় এসএলসি। কিন্তু দুই বোর্ডের কোয়ারান্টাইন জটিলতায় এই সিরিজ ২য় বার স্থগিত হয়।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় বেশ হতাশ শ্রীলঙ্কান ক্রিকেট দলের হেড কোচ মিকি আর্থার। তিনি জানান বাংলাদেশ সিরিজের জন্য তার দল পুরো প্রস্তুতি সেরে রেখেছিলো।
এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে আর্থার বলেন, ‘আমাদের ক্রিকেটাররা সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কোভিড বিরতির পর সেরা এবং সবচেয়ে প্রস্তুত দল হওয়ার লক্ষ্য তাদের দিয়েছিলাম। কিন্তু লক্ষ্য ছাড়া অনুশীলন করা খুবই কঠিন।’
এইদিকে বছরের শেষে ঘরের মাঠে সিরিজ হওয়া নিয়ে বেশ আশাবাদী তিনি। তিনি আরও বলেন, ‘আমি ইতিবাচক। আমি আশা করছি আমরা আমাদের সামনের সূচিগুলো পূরণ করতে পারব। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আমরা ২০২১ সালের একটা ব্যস্ত শুরু করব।’
নিউজক্রিকেট/আরআর
