নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। তবে দলটির নেতৃত্বে নেই তিনি, খেলছেন ব্যাটসম্যান হিসেবে। অনেকেই তাকে কলকাতার হয়ে নেতৃত্বে দেখতে চান।
যদিও মরগান মনে করেন দলকে ভালো ভাবেই সামাল দিচ্ছেন অধিনায়ক দীনেশ কার্তিক। পাঁচ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। মরগান মনে করেন ঠিক পথেই আছে তার দল।
তিনি বলেন, ‘তারা খুব ভালো কাজ করছে। দিনেশ কার্তিক ও ব্রেন্ডন ম্যাককালাম দলকে ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে। দলের বাকি ক্রিকেটারদের মধ্যেও বেশ কয়েকজন সিনিয়র নেতা আছেন যাদের টাইটেল দরকার হয় না।’
চলতি আইপিএলে ব্যাট হাতে ৫ ম্যাচ খেলে ১৪৩ রান করেছেন মরগান। ব্যাটিংয়ে নির্দিষ্ট একটি পজিশনে দেখা যাচ্ছে না তাকে। দলের প্রয়োজনে সব পজিশনেই খেলছেন তিনি। এ নিয়েও আপত্তি নেই ইংলিশ অধিনায়কের। তার মতে কোচ ও অধিনায়কের পরিকল্পনা অনুযায়ীই পরিবর্তন করতে হচ্ছে ব্যাটিং পজিশন।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় মিডল অর্ডার পরিবর্তন যোগ্য। এটা আসলে আমরা কোন দলের সঙ্গে খেলছি এবং কেমন বোলিংয়ের বিপক্ষে খেলছি তার উপর নির্ভর করে। একেক ব্যাটসম্যান একেক বোলারের বিপক্ষে মানানসই। অধিনায়ক ও কোচ খুব ভালোভাবে সেটা জানে কে কী ধরণের বোলিংয়ে ভালো খেলবে। আমাদের হাতে অনেক বিকল্প আছে।’
নিউজক্রিকেট/শাওন
