নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য সারা বিশ্বজুড়ে জনপ্রিয়তা রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। তাঁর ব্যাটিংয়ে ভালো করার ব্যাপারে সামর্থ্যটা সবারই জানা। তবে এবারের চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন এই অজি ক্রিকেটার।
চলতি আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র ৪৮ রান করেছেন তিনি। ম্যাক্সওয়েলের মত তার দল পাঞ্জাবের অবস্থাও বেহাল দশা। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। মূলত মিডল অর্ডার ব্যাটসম্যানদের খারাপ পারফরমেন্সের কারণেই দলটির হারের অন্যতম বড় কারণ।
ভারতের সাবেক স্পিনার প্রজ্ঞান ওঝা মনে করেন ম্যক্সওয়েলকে নিয়ে খুশি নয় তার দল পাঞ্জাব।
তিনি বলেন, ‘বার্তাটা একেবারেই পরিষ্কার যে পাঞ্জাব ম্যাক্সওয়েলকে নিয়ে খুশি না। যদি ক্রিস গেইল খেলে, তাহলে স্বাভাবিকভাবেই ম্যাক্সওয়েল বাদ পড়বে। পাঞ্জাব কিছুটা দুর্ভাগ্যবান, রাহুলকে আমরা যেমন ব্যাটসম্যান হিসেবে চিনি, সেও তেমন খেলতে পারছে না।’
চলতি আইপিএলে সবচেয়ে বেশি রান লোকেশ রাহুলের। ৬ ম্যাচ খেলে ৩১৩ রান করেছেন তিনি। তবে গত দুই ম্যাচে তাকে ঠিক নিজের মতো ব্যাটিং করতে দেখেননি বলে জানিয়েছেন ওঝা। সাবেক এই ভারতীয় স্পিনার বলেন, ‘শেষ ম্যাচে লোকেশ রাহুলও ব্যাটিংয়ের সময় স্বস্তিদায়ক অবস্থায় ছিল না। আগে আমরা দেখতাম, সে আসতো আর যেভাবে চাইতো ব্যাটিং করতো। একেবারে জাদুর মতো। কিন্তু শেষ দুই ম্যাচে, তাকে আমরা যেমন চিনি তেমন ব্যাটিং দেখিনি।’ তিনি আরও বলেন, ‘রাহুল এটা জেনে খেলতে নামছে যে মিডল অর্ডার ভালো করছে না। তার সঙ্গে ২০০ রানের বেশি তাড়া করার চাপ। যেকোনো ব্যাটসম্যানই চাপে থাকবে। রাহুল জানে যদি সে ও মায়াঙ্ক ভালো না করে তাহলে ভঙ্গুর মিডল অর্ডার সামনে চলে আসবে।’
নিউজক্রিকেট/শাওন
