নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মহামারী করোনার কারণে দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে দেশের ক্রিকেটাররা, জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন চললেও অন্য ক্রিকেটারদের জন্য ছিলো না কোন অনুশীলনের সুযোগ। আজ মিরপুরে শুরু হলো হাই পারফরম্যান্স দলের অনুশীলন, ক্রিকেটারদের একাগ্রতা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এইচপি প্রধান নাইমুর রহমান দুর্জয়।
প্রথম দিনে কাজ করা হয়েছে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে, দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় অনেকেরই ফিটনেসে ঘাটতি রয়েছে।তবে উন্নতির চাপও লক্ষণীয়।ফিটনেসের উন্নতির পাশাপাশি ক্রিকেটারদের একাগ্রতা দেখে খুশি এইচপি বিভাগের প্রধান। নিজেকে প্রস্তুত করার ব্যাপারে তারা আন্তরিক বলে মনে করেন তিনি। তিন দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট এইচপির ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, ‘ফিটনেস ভালো মানে তাদের একাগ্রতা, সিরিয়াসনেস আছে প্রস্তুত হওয়ার জন্য। আর জাতীয় দলের সাথে যে সিরিজটা খেলবে এটা একটা সুযোগ। কারণ অনেকদিন ম্যাচের বাইরে আছে, যে লেভেলেই হোক ম্যাচ খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’
এইচপি দলের ক্যাম্প শুরু হলেও দলের সাথে যোগ দেননি এইচপির হেড কোচ টবি রেডফোর্ড এবং পেস বোলিং কোচ চাম্পাকা রমানায়েকে। এতোদিন পরে মাঠে ফেরার পর ক্রিকেটারদের ফিটনেস দেখে অবাক হয়েছেন দূর্জয়। তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে বেশিরভাগ ক্রিকেটার অনলাইনে কোচ, ফিজিও, ট্রেনারদের সঙ্গে ফিটনেসটা নিয়ে মনোযোগী হয়েছে। যে কারণে আজকে ফিটনেস টেস্টে আমি গর্ব করে বলতে পারি আমাদের প্লেয়াররা খুব ভালো করেছে। ২৫ জনের মধ্যে ২-৩ জনের সমস্যা হতেই পারে কিন্তু সর্বোপরি ফিটনেস টেস্টে খুব ভালো করেছে।’
নিউজক্রিকেট/শাওন
