রাহুলকে আটকানোর ছক কষছেন শেন বন্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ফর্মে আছেন লোকেশ রাহুল। প্রতি ম্যাচেই রান করে চলেছেন এই ভারতীয় ব্যাটসম্যান। প্রথম তিন ম্যাচে ১১১ গড়ে ২২২ রান সংগ্রহ করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের এই অধিনায়ক। যেখানে রয়েছে একটি সেঞ্চুরি এবং এক হাফ সেঞ্চুরি।

মারকুটে এই ব্যাটসম্যানকে নিয়ে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। আজ আইপিএল ম্যাচে মাঠে নামার আগে রাহুলকে আটকানোর পরিকল্পনা জানিয়েছেন দলটির পেস বোলিং কোচ শেন বন্ড।

বন্ড বলেছেন, ‘মাঠের যে কোনো প্রান্তে বল পাঠানোর ক্ষমতা আছে রাহুলের। শেষ কয়েক বার আমাদের বিরুদ্ধে রান করেছে সে। ও অসাধারণ একজন ক্রিকেটার। রাহুলকে কী ভাবে আটকানো যায়, তা নিয়ে বোলারদের সঙ্গে বৈঠক হয়েছে।’

রাহুলের রানের চাকায় ভাটা দিতে তার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন বন্ড। রাহুলকে আটকানোর জন্য বেশ আটঘাট বেঁধেই নামছে মুম্বাই সেটাই বুঝা গেল বন্ডের কথায়।

মুম্বাইয়ের বোলিং কোচের ভাষায়,’আমরা জানি যে মাঝের ওভারে কিছুটা সময় নেয় রাহুল। তখন ওর উপরে চাপ সৃষ্টি করতে পারলে দলও চাপে পড়ে যাবে। রাহুলের দুর্বলতা কোথায় তা আমরা খুঁটিয়ে দেখেছি। ওর শক্তি কোথায়, সেটাও জানা আছে। কভারের উপর দিয়ে অনায়াসে রান করে রাহুল। ফাইন লেগ অঞ্চল দিয়েও রান বের করে। এই দু’টি জায়গা দিয়ে ওকে রান বার করতে দেয়া হবে না।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »