সাকিব আমাকে ফোনে বলে আমাকে তো আইসিসি যেতে দিবে না : পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব লুকানোর অভিযোগে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান। জুয়াড়ির সাথে যোগাযোগ হলেও সে বিষয়ে আইসিসির অপরাধ নিয়ন্ত্রন সংস্থা (আকসু) কে না জানানোর দায়ে এক বছরের নিষেধাজ্ঞা পান সাকিব। যদিও ভক্ত ও সমর্থকদের একাংশের ক্ষোভ ছিলো সাকিবের নিষেধাজ্ঞার পেছনে হাত রয়েছে বিসিবি বস নাজমুল হাসান পাপনের।

সম্প্রতি এক ফেসবুক লাইভ প্রোগ্রামে পাপন বলেন, ‘১৩ দফা আন্দোলনের পর সাকিব আমাকে ফোন করে। ওদের আন্দোলন শেষ হলো। পরেরদিন সাকিব আমাকে ফোন দিয়ে বলল আমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, অফিসে আসতে চায়। ও আমার বেক্সিমকো অফিসে আসল এবং বলল, আমি তো ভারত সফরে যেতে পারব না। আমি বললাম যেতে পারবা না মানে? সাকিব বলল- আমাকে তো আইসিসি যেতে দিবে না! আমার একটি ঘটনা আছে। আমি জিজ্ঞাসা করলাম আগে থেকে জানো তুমি যেতে পারবে না? আমাদের আগে বলো নাই কেনো? শুধু সাকিব না, আকসু এখানে এসে আরও তিন ক্রিকেটারের সঙ্গে কথা বলে গিয়েছে। ওই তিনজন কারা সেটা পর্যন্ত জানি না এখনো। আকসুর কাজটাই এমন।’

সাকিবের নিষেধাজ্ঞায় যে পাপনের হাত নেই সে বিষয়ে তিনি পরবর্তীতে পরিষ্কারও করেন। আইসিসি কার বিরুদ্ধে তদন্ত করছে সেটি অভিযুক্ত ব্যক্তি ছাড়া আর কাউকেই জানানো হয় না।

‘বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিয়মটাই জানে না। আর কিছু আছে ভুল তথ্য দেয়। আকসু এমন জিনিস, ওরা কাদের বিরুদ্ধে তদন্ত করছে সেটা আমি কেন আইসিসি বোর্ডের পরিচালক এমনকি আইসিসির চেয়ারম্যান পর্যন্ত জানে না। কেন জানে না সেটিও পরিষ্কার করে বলছি- মনে করেন ভারতের কোন ক্রিকেটারের উপর তারা তদন্ত করছে সেটি যদি বিসিসিআই জানে তাহলে সেই তদন্ত তারা থামানোর চেষ্টা করবে।’

তিনি আরও যোগ করেন, ‘ওরা কেন যে কোন বোর্ডই সেটিকে থামানোর চেষ্টা করবে। এমনকি ওরা (আকসু) আমাদের পেছনেও লেগে আছে। ওরা ওদের কাজ করে যাচ্ছে। জানে কেবল দুইজন- যার বিরুদ্ধে করছে সে এবং আকসু। আমি সাকিবকে জিজ্ঞাসা করেছি, তুমি আমাদের জানাও নাই কেন?’

এক বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২৯শে অক্টোবর থেকে মাঠে ফেরার কথা রয়েছে সাকিবের। আলোচিত শ্রীলঙ্কা সফর যদি হয় তবে সে সিরিজেই দেখা যাবে সাকিবকে। দীর্ঘদিন আমেরিকায় নিষেধাজ্ঞার সময় কাটিয়ে এই মাসেই ফিরেছেন দেশে। বর্তমানে বিকেএসপিতে আলাদা ভাবে চালিয়ে যাচ্ছেন নিজের অনুশীলন।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »