নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল বছরের শেষ মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) রবিচন্দ্রন অশ্বিন ‘মানকাড’ আউট করেন আর এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটসম্যান জস বাটলারকে মানকাড আউট করে প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের এই অফ স্পিনার।
চলতি বছর শুরু হতে যাচ্ছে আইপিএলের আরেকটি আসর। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে থেকে এখনই আলোচনায় রয়েছে মানকাড আউট। এবার এই ভিন্ন ধারার আউট নিয়ে মুখ খুলেছেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তিনি ভাবছেন একজন ব্যাটসম্যানকে মানকাড আউটের আগে তাকে অবশ্যই যেন সতর্ক করা হয়।
ভারতের দৈনিক আনন্দবাজারের সঙ্গে আলাপকালে মুরালিধরন বলেছেন, ‘আমার মনে হয়, বোলারের উচিত, ব্যাটসম্যানকে একবার সতর্ক করে দেওয়া। আবার এটাও বলব, ব্যাটসম্যান কেন ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে অন্যায় সুবিধে নেবে? আর একটা বিষয় যদি আম্পায়ার দেখতে পান, ব্যাটসম্যান আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তা হলে পাঁচ রান জরিমানা করে দিন ব্যাটিং দলকে। এই নিয়ম চালু হলে ব্যাটসম্যানও ক্রিজ ছেড়ে বেরোবে না। বোলারকেও আর মানকাড আউট করতে হবে না। বিতর্কও শেষ।’
উল্লেখ্য বিগত কয়েক আসর ধরে আইপিএলে হায়দ্রাবাদের হয়ে বোলিং কোচের দায়িত্ব পালন করছেন লঙ্কান এই কিংবদন্তি। এছাড়া কোচিং স্টাফে যোগ দেওয়ার আগে খেলেছেন ব্যাঙ্গালুরু, চেন্নাইয়ের মতো বড় বড় সব দলে।
নিউজক্রিকেট/শাওন
