নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স, ৩৬০ ডিগ্রি নামে তার পরিচিতি। বিশ্বের সকল বোলারকেই খাবি খেতে হয় তার ব্যাটিংয়ের সামনে। এই ব্যাটসম্যানের ক্যারিয়ার প্রায় শেষের দিকে, তবে এবিডি তার ছায়া দেখছেন তরুণ ক্রিকেটার জস ফিলিপের মধ্যে।
অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান জস ফিলিপে এখনো অস্ট্রেলিয়ার জার্সি গায়ে চাপাতে পারেননি, তবে তাকে মাতামাতি শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে। এবি ডি ভিলিয়ার্স বলেই দিলেন ফিলিপের মধ্যে তিনি নিজের ছায়া দেখেন।১৩টি লিস্ট এ, ১৯টি প্রথম শ্রেণি ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফিলিপে। এর মধ্যেই বেশ নামডাক পেয়েছেন তিনি। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সে খেলা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আইপিএলে খেলবেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। সেই দলের অভিজ্ঞ ক্রিকেটার ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের ভাষায়, ‘এই আসরে আমার বেশ কয়েকজন বিশ্ব মাতানো খেলোয়াড় দেখতে যাচ্ছি, অ্যারন ফিঞ্চ, মঈন আলি, অ্যাডাম জাম্পা ও জস ফিলিপে। আমি জস ফিলিপের দিকে তাকিয়ে আছি। তার সাথে মিল খুঁজছি আমি। আমি শুরুর দিকে যেরকম খেলতাম ওর খেলায় আমার মতো সেই মিল দেখতে পারি। আমি ফিলিপের ব্যাপারে খুব কৌতূহলী। ওকে সিডনি সিক্সার্সে খেলতে দেখেছি। সে নতুন বলে দারুণ ব্যাটিং করে। খুবই মেধাবী একজন ক্রিকেটার। আমি শুনেছি গিলক্রিস্টও তার ব্যাপারে ভালো মন্তব্য করেছে।’
ফিলিপে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮.২২ গড়ে ৯৮৮ রান, লিস্ট এ ক্রিকেটে ৩৪.৩০ গড়ে ৪৪৬ রান ও টি-টোয়েন্টিতে ৩৩.২৫ গড়ে ৭৯৮ রান সংগ্রহ করেছেন।
নিউজক্রিকেট/সুফিয়ান
