নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘদিন পরে করোনা কাটিয়ে বাংলাদেশ দলের মাঠে ফেরার কথা থাকলেও তা নিয়ে এখন তৈরি হয়েছে ধোয়াশা। এই সফরকে সামনে রেখে বিসিবির কাছে নীতিমালা পাঠিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। নীতিমালা দেখে লংকান বোর্ডের সাথে একমত হতে পারেননি বিসিবি। এ বিষয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে বেশ কড়া ভাবেই কথা বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
শ্রীলঙ্কার পক্ষ থেকে আগে থেকেই জানানো হয়েছিল প্রস্তুতি ম্যাচে দল দিতে পারবে না তারা। এর ফলে হাই পারফরম্যান্স দলকে সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বিসিবির। যদিও নীতিমালায় তারা জানিয়েছে, খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফসহ ৩০ জন নিয়ে শ্রীলঙ্কায় যেতে পারবে বাংলাদেশ।সেই সঙ্গে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। অনুশীলন তো দূরে থাক, এই সময়ে হোটেল রুম থেকে বের হতে পারবেন না ক্রিকেটাররা। এমন উদ্ভট নিয়মের কারণে চটেছেন বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন, অনুশীলনে থ্রোয়ার-নেট বোলারও দেবে না শ্রীলঙ্কা। এমনকি বাংলাদেশ থেকেও থ্রোয়ার-নেট বোলার নেয়ার সুযোগ দিচ্ছে না তারা। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এই সুযোগ সুবিধা বাংলাদেশের পাওয়া উচিত মনে করেন তিনি।
বেশ কড়া গলায় এই প্রসঙ্গে পাপন বলেছেন, ‘ওইদেশে বল থ্রো করার জন্য থ্রোয়ার তো দেয়ার কথা। নেট বোলারও দেবে যেকোনো দেশে খেলতে গেলে। এটা দিচ্ছে না ঠিক আছে। এখান থেকেও নিতে দেবে না। তারা কি বলতে চাচ্ছে বুঝতে পারছি না। এটা তো ছেলেখেলা না এটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় এটা বিরাট চিন্তা ধারার মধ্যে পার্থক্য।’
পাপনের মতে শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেট চলছে সেখানে কোন সমস্যা হচ্ছে না তবে আমাদের বেলায় কেন এতো প্রবলেম হবে। পাপন বলেন, ‘ওদের এখানে ঘরোয়া লিগ হচ্ছে, এতো প্লেয়ার খেলছে কোনো সমস্যা নাই আমাদের একটা টিমের জন্য এতো ঝামেলা। কেউ ঘর থেকেই বের হতে পারবে না ১৪ দিন। আমি অন্যান্ন জায়গায় কথা বলেছি, কেউ এমনটা ফেস করেনি। এখানে এমন কিছু একটা আছে যা আমরা জানি না। এবং আমরা ওখানে গিয়ে থাকবো ডাম্বুলাতে। এমনতো না যে কলম্বোতে। এম্নেই তো আইসোলেটেড। এগুলো দেখে আমরা আশ্চর্য হয়েছি।’
নিউজক্রিকেট/সুফিয়ান
