নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশাল এক ঝড়ের সম্মুখীন হলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। বেশ কয়েকদিন ধরেই চলতে থাকা বোর্ড সদস্যদের মানসিক লড়াই, টানাপোড়নের পরে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড সিএসএর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরকারের হস্তক্ষেপের কারণে এবার নিষিদ্ধ হতে পারে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট৷ তবে আইসিসির নিয়ম অনুযায়ী একটি দেশের ক্রিকেটে সে দেশের সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না। কিন্তু আইসিসির এমন নিয়মকে রীতিমত বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ আফ্রিকার সরকার তাদের দেশের সকল ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করেছে।
গত এক মাসে অনেক কিছুই হয়েছে দক্ষিণ আফ্রিকান বোর্ডে। বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের পরে প্রধান নির্বাহীকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। যদিওবা কথা ছিলো নতুন করে বোর্ড সাজানোর তবে বোর্ডের পুরো নিয়ন্ত্রণ চলে গিয়েছে সরকারের কাছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে বোর্ডের কর্মকর্তাদের ‘ক্ষমতা ও পদের অপব্যবহার’ করেছেন আর এজন্যই সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এসেছে। সমর্থক, দর্শক ও ভক্তদের কাছে দেশের ক্রিকেটের প্রতি আস্থা ও ভালোবাসা কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলেই সকল ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করেছে সরকার।
এদিকে সরকারের হস্তক্ষেপের কারণে এর আগেও নিষিদ্ধ হওয়ার ঘটনা রয়েছে ক্রিকেট ইতিহাসে। আফ্রিকান আরেক দল জিম্বাবুয়েও নিষিদ্ধ হয়েছিলো একই কারণে যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে পারে নি দেশটি।
