অনুশীলনে বলে লালা ব্যবহারে সতর্ক রাহি-শফিউলরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে বাড়তি সতর্কতার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেই নিষিদ্ধ করা হয় বলে লালার ব্যবহার! শুধু লালা নয় করোনা পরবর্তী সব সফরেই খেলোয়াড়দের নির্দেশনা থাকছে বলে ঘামের ব্যবহার নিয়েও। তবুও এতোদিনের অভ্যাসে ভুল হওয়াটাই স্বাভাবিক। সদ্য সমাপ্ত পাকিস্তান-ইংল্যান্ড সিরিজেও মোহাম্মদ আমিরকে দেখা যায় বলে লালা লাগাতে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও হয় বেশ। আর সেজন্যই লংকান সফরকে সামনে রেখে বাংলাদেশের পেসারদেরও থাকতে হচ্ছে বেশ সতর্ক।

কিভাবে বলে লালা না লাগিয়ে বল উজ্জ্বল রাখা যায় পেসাররা সেটিই অনুশীলন করছেন। শুধু লালাই নয়, চেষ্টা করছে বলে ঘাম না লাগিয়ে অনুশীলন করার। কেউ ট্রাউজারে ঘষে, কেউ বা আবার তোয়ালে ব্যবহার করছেন বল উজ্জ্বল রাখার ক্ষেত্রে।

গতকাল সিলেট স্টেডিয়ামে পেসার আবু জায়েদ রাহী একবারো লালার ব্যবহার না করেই বল করেছেন ১২ ওভার! মুঠোফোনে জায়েদ বলছিলেন, ‘যতটা পারছি, এটা এড়িয়ে চলছি। তবু মাঝেমধ্যে ভুলে হাত চলে যাচ্ছে। চেষ্টা করছি, যেন এই ভুলটা না হয়।’কেউ কেউ আবার ভুলে বলে লালা লাগাচ্ছেন। দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনে কিছুটা সময়তো লাগবেই।

বলে লালা লাগানোর জন্য এখনো কাউকে শাস্তি না দিলেও আইসিসি থেকে রয়েছে এর জন্য শাস্তির বিধান। এক ইনিংসে দু’বার বলে লালা ব্যবহার করলে প্রতিপক্ষ দল উপহার হিসেবে পাবেন অতিরিক্ত ৫ রান। তবে নিষিদ্ধ কিংবা জরিমানা গুনতে হবে না কাউকেই।

জায়েদ আশাবাদী, খেলা শুরুর আগে নতুন নিয়মে অভ্যস্ত হয়ে যাবেন তিনি, ‘একটা ভয়ও কাজ করছে। ম্যাচে প্রথমে সাবধান করবে ভুল করলে। এরপর তো শাস্তি! আশা করি, ম্যাচে ভুল হবে না।’

তিন ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কায় খেলা হবে কোকাবুরা বলে। যার ফলে বাংলাদেশের বোলাররা অনুশীলনও করছেন কোকাবুরা বলেই। এ ব্যপারে বোলার শফিউল ইসলাম বলছিলেন, ‘ম্যাচ না খেললে পরিষ্কার বোঝা যাবে না। ম্যাচে বিভিন্ন পরিস্থিতিতে বল করা লাগবে। তখনই বোঝা যাবে, নতুন নিয়মের প্রভাব কতটা পড়বে। ধরুন, পেসাররা নতুন বলে বল করে গেল। স্পিনাররা এল। এরপর আবার পেসাররা এল বোলিংয়ে। তখন কেমন হয় বোলিং, সেটা দেখতে হবে।’

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »