নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবধরনের ক্রিকেট থেকে অবসরের পর ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলকে কিংস ইলেভেন পাঞ্জাবের পরামর্শক হিসেবে দেখতে চান দলটির প্রধান কোচ অনিল কুম্বলে। সম্প্রতি স্থানীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই মন্তব্য করেন কুম্বলে। ৪১ বছর বয়সী গেইলের ভবিষ্যতে কিংস ইলেভেন পাঞ্জাবে উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এমনটা জানান। তার মতে মাঠের বাইরেও তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের ভূমিকা রয়েছে।
কুম্বলে বলেন, ‘তার (গেইল) নেতৃত্ব, অভিজ্ঞতার কারণে তরুণরা তার দিকে তাকিয়ে আছে। আমরা কেবল ব্যাটসম্যানকেই দেখছি না। তরুণ খেলোয়াড়দের বিকাশে অবদানের ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় ক্রিসই আছেন। আমি চাই তিনি পরামর্শদানেও সক্রিয় থাকুন।’
এসময় তিনি নিজের দল সম্পর্কে বলেন, ‘আমাদের একটি শক্তিশালী দল রয়েছে। আমাদের ব্যাটিং এবং ফিল্ডিংয়ের মাঝে একজন প্রভাবশালী খেলোয়াড়ের প্রয়োজন ছিল। ম্যাক্সওয়েল তা পূরণ করে দিয়েছেন। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই তিনি পারদর্শী। তিনি এমন একজন বোলার যিনি দেথ ওভারেও দুর্দান্ত বোলিং করেন।’
‘কেবল বিদেশি খেলোয়াড়ই নয় ভারতীয় খেলোয়াড়দের বাছাই করাটাও চ্যালেঞ্জ হবে। আমাদের কয়েকটি অনুশীলন পর্ব রয়েছে যা আমাদের জানাবে কোনটা আমাদের জন্য সেরা সংমিশ্রণ।’
আসন্ন আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর ভেতর একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবেই ভারতীয় কোচকে দায়িত্ব দেয়া হয়েছে। আর সেই দায়িত্ব পালন করবেন অনিল কুম্বলে। তবে ভবিষ্যতে আরও দেশী কোচের আগমনের বিষয়ে আশাবাদী সাবেক এই তারকা ক্রিকেটার।
নিউজক্রিকেট/আজহার
