নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরোয়া ক্রিকেটে দুর্নীতির অভিযোগ পাওয়াই আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে সহকারী কোচ নূর মোহাম্মদকে। তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী চারটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছিল এসিবির দুর্নীতি বিরোধী ইউনিট।
এমনকি তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগই মেনে নিয়েছেন নূর। এসিবি জানিয়েছে, ‘নূর দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করে এই নিষেধাজ্ঞায় পড়েছেন। ২০১৯ সালে শাপাগিজা ক্রিকেট লিগে জাতীয় দলের এক ক্রিকেটারকে বেশ কয়েকটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের প্ররোচনা দিয়েছিলেন তিনি। নূর তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মেনে নিয়েছেন। সেই সঙ্গে এসিবির তদন্তেও সহযোগীতা করেছেন। এর ফলে তার শাস্তি অনেকটাই কম হয়েছে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞা।’
এসিবির দুর্নীতি বিরোধী কর্মকর্তা সৈয়দ আনোয়ার শাহ কোরাইশি, অভিযোগকারী ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি মনে করেন সেই ক্রিকেটারের সহযোগীতা ছাড়া, এই ঘটনার তদন্ত সম্ভব ছিল না।
ফিক্সিংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং এসিবিকে দ্রুত এই ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে জানিয়ে, সেই ক্রিকেটার পেশাদারিত্বের নিদর্শন দেখিয়েছেন বলে বিশ্বাস এই দুর্নীতি বিরোধী কর্মকর্তার।
নিউজক্রিকেট/শাওন
