আইপিএলে করোনা আক্রান্ত ক্রিকেটারদের কার্ডিও স্ট্রেস পরীক্ষা করানো হবে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররাসহ যে সকল ক্রিকেটাররা করোনা পজিটিভ হয়েছিলেন তাদের প্রত্যেকেরই সুস্থ হওয়ার পর কার্ডিও-স্ট্রেস টেস্ট করানো হবে। যদিও বিশেষজ্ঞ সবাই বলছেন শুধু কার্ডিও-স্ট্রেস টেস্ট যথেষ্ট নয়। আক্রান্ত সব স্টাফ-ক্রিকেটারদের দরকার পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম।

বিশ্বব্যাপি সব গবেষণায় প্রমাণিত হয়েছে যে, করোনা ভাইরাস যাদের শরীরেই আক্রমণ করেছে সুস্থ হওয়ার পরেও তাদের ফুসফুস বা হৃৎপিণ্ডের স্থায়ী কোনও ক্ষতি করার জোরালো সম্ভাবনা রয়েছে। এ কারণেই মূলত করোনা আক্রান্তদের কার্ডিও-স্ট্রেস টেস্ট করানোর সিদ্ধান্তে পৌঁছেছে আইপিএল আয়োজকরা। যদিও এই টেস্ট খুব কার্যকরি ভূমিকা পালন করবে না বলে মনে করছেন ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং ট্রেইনার রামজি শ্রীনিবাসন।

রামজি বলেন, ‘এটা জীবন মৃত্যুর একটা বিষয়। কার্ডিও-স্ট্রেস টেস্ট এখানে যথেষ্ট নয়। এটা কোনও ফিটনেস ইস্যু নয়, সেটা সবার আগে বুঝতে হবে। ট্রেইনার হিসেবে আমি এর সমর্থন করতে পারি না। এবারের আইপিএল গরমের মধ্যেই হবে এবং এই আসরে সবসময় চাপ থাকে। ফাস্ট বোলারদের চাপ তার পুরো শরীরের ওপরেই পড়ে। যথাযথ মেডিক্যাল দল নিয়ে এই রিকভারি প্রসেসে এগিয়ে যেতে হবে। ডাক্তাররা যা বলে সেই অনুযায়ী আমি বলব, অন্তত দুই সপ্তাহ সেই ক্রিকেটারকে বিশ্রামে রাখতে। শরীরকে রিকভারির সুযোগ দিতে হবে। নিয়মিত ইসিজি বা রক্ত পরীক্ষা করিয়ে ভালো মানের রিকভারি নিশ্চিত করতে হবে।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »